দুর্নীতি ছিল শেখ হাসিনার সরকারের শাসনব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রাষ্ট্রের এমন কোনো খাত ছিল না, যেখানে দুর্নীতির বিস্তার ঘটেনি। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সর্বত্র দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। স্থানীয় সরকারও এর বাইরে ছিল না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াসার মতো প্রতিষ্ঠানে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ ছিল দীর্ঘদিনের। রাজনৈতিক প্রভাব, দলীয়করণ এবং জবাবদিহির অভাব এসব দুর্নীতিকে উৎসাহিত করেছে। এখন এসব অনিয়মের ভয়াবহ চিত্র সরকারি তদন্তে উঠে আসছে।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ৬৬টি কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। সংসদে স্থানীয় সরকারমন্ত্রীর দেওয়া এ তথ্য অত্যন্ত উদ্বেগজনক। কারণ, এখানে বড় অঙ্কের অর্থের পাশাপাশি আছে জনগণের অধিকার, রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা এবং উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের চিত্র। সাত সদস্যের তদন্ত কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করেছে। এতেই প্রায় ২৮ হাজার কোটি টাকার গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে। তাহলে তদন্তের আওতা আরও বিস্তৃত হলে কী পরিমাণ অনিয়মের চিত্র সামনে আসবে, তা সহজেই অনুমান করা যায়। অবশ্য তদন্তে পাওয়া অনিয়মের সব অর্থই আত্মসাৎ হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। প্রতিটি অভিযোগের যথাযথ অনুসন্ধান প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করতে হবে। প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করতে হবে দায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্ত প্রতিবেদনটি যেন আরেকটি সরকারি নথিতে পরিণত না হয়। অতীতে দেশে অসংখ্য তদন্ত হয়েছে। অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্বলতার কারণে অপরাধীরা শাস্তি এড়িয়ে গেছে। এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, যে পদেই থাকুক, তাকে আইনের মুখোমুখি করতে হবে। দুর্নীতি দমন কমিশনের ওপর এখন বড় দায়িত্ব। প্রতিষ্ঠানটিকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হবে। উদ্ধার করতে হবে আত্মসাৎ করা অর্থ। আইনি প্রক্রিয়ায় জব্দ করতে হবে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রকল্পের নথি, চুক্তি, বিল এবং অর্থ ছাড়ের হিসাব নতুন করে পরীক্ষা করতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে জনগণকে।
