রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড চালানোর অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।
আইসিজের প্রধান বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, ‘আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বাংলাদেশের দিকে দলে দলে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’
জেনোসাইড সনদ লঙ্ঘনের কারণে মিয়ানমারকে বেশ কিছু বিষয় মেনে চলার নির্দেশ দিয়েছেন আইসিজে। এগুলো হলো সনদের অধীন বাধ্যবাধকতা পুরোপুরি কার্যকর করে এমন আইন প্রণয়নের মাধ্যমে চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে। পাশাপাশি আদালত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক পুনর্বাসনব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারকে।
দেশের ভেতরে ও বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফেরার সুযোগ দেওয়া এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা, একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
এই রায়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাজ্য, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রোহিঙ্গা অধিকারকর্মীরা। রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করা, রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির আহবান জানিয়েছেন তাঁরা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্কের ভাষায়, ‘এই রায়ে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মানবজাতির জন্য সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটির জন্য মিয়ানমার দায়ী।’
এদিকে পর্যবেক্ষকরা বলছেন, রায় ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো সহজ হবে না।
আইসিজের রায় চূড়ান্ত এবং তা মানা বাধ্যতামূলক হলেও এটি কার্যকর করার সুযোগ সীমিত। এ ক্ষেত্রে রায় কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু অতীতে দেখা গেছে, চীন ও রাশিয়া মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত আইসিজের রায়কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা।
বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা বেশ করুণ। দীর্ঘ ৯ বছরে রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে প্রায় ১৫ লাখে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো দেশের জন্য এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন বাস্তবতায় রোহিঙ্গাদের প্রত্যর্পণই একমাত্র সমাধান। কক্সবাজারের রোহিঙ্গারাও বলছে, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই তারা ফিরে যাবে।
জেনোসাইডের মতো জঘন্য কর্মকাণ্ডের জন্য মিয়ানমার এখন দোষী সাব্যস্ত। এ ক্ষেত্রে মিয়ানমারকে যেকোনো সহযোগিতা করার অর্থ পক্ষান্তরে জেনোসাইডকেই প্রশ্রয় দেওয়া। মিয়ানমারকে যেকোনো সহায়তার আগে যেকোনো দেশের বিষয়টি উপলব্ধি করতে হবে। তবেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করি, আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে রোহিঙ্গারা নিজ ঘরে ফিরে যাবে, তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
