বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের সুফল যে কেমন হতে পারে তা ‘সিটি স্টেট’ সিঙ্গাপুরের দিকে তাকালে সুস্পষ্টভাবে অনুধাবন করা যায়। এক সময়ের মশা অধ্যুষিত জেলেপল্লী হিসেবে পরিচিত সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতি এবং এ অসাধারণ উন্নয়নের পেছনে রয়েছে আইনের শাসনের অতুলনীয় ভূমিকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সাতটি অধ্যাদেশ রহিত করা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো: সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। সরকারের এ সিদ্ধান্ত তাদের অনেক শুভানুধ্যায়ীদেরও হতাশ করেছে। কারণ এর মাধ্যমে বহু প্রতীক্ষিত ও বহু প্রতিশ্রুত বিচার বিভাগের স্বাধীনতা অর্জনের পথ আবারো রুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বস্তুত এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার রাজনীতিবিদদের অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটাল বলে অনেকের আশঙ্কা।
বিচার বিভাগের স্বাধীনতা তথা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার রাজনীতিবিদদের আশ্বাস ও অঙ্গীকার আমাদের জন্য নতুন নয়। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আগে থেকেই রাজনীতিবিদরা এ অঙ্গীকার ব্যক্ত করে আসছেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফায় এ সম্পর্কিত একটি সুনির্দিষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত ছিল যে ‘বিচার বিভাগকে শাসন বিভাগ হইতে পৃথক করা হইবে।’ এরই ধারাবাহিকতায় বাহাত্তরের সংবিধানের ২২ অনুচ্ছেদে ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন’ বলে অঙ্গীকার করেছে। এর কার্যকারিতা প্রদর্শনের লক্ষ্যে সংবিধানে ১১৬ অনুচ্ছেদ যুক্ত করা হয়। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি-মঞ্জুরীসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকিবে।’ পরবর্তী সময়ে ১১৬ অনুচ্ছেদ সংবিধান চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অধস্তন আদালতগুলোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাষ্ট্রপতি সেই ক্ষমতা প্রয়োগ করার বিধান করা হয়। এর পরেও বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা খর্ব করার এ বিধান অপসারণের লক্ষ্যে রাজনীতিবিদদের অঙ্গীকার অব্যাহত থাকে। যেমন নব্বইয়ের গণআন্দোলনের সময়ে প্রণীত তিন জোটের রূপরেখায় ‘জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষ এবং আইনের শাসন নিশ্চিত’ করার সুস্পষ্ট অঙ্গীকার করা হয়। দুর্ভাগ্যবশত এসব অঙ্গীকার এখনো অপূর্ণই রয়ে গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার অঙ্গীকার অব্যাহত রেখেছে। বিএনপি তাদের বহু আলোচিত ৩১ দফার দফা ১০-এ সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে: ‘বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হইবে...অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হইবে। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে...এই জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হইবে। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবল জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ড যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হইবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সংবিধানের ৯৫(২)(গ) অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত “বিচারপতি নিয়োগ আইন’’ প্রণয়ন করা হইবে।’ এসব অঙ্গীকার বাস্তবে রূপ নেবে কিনা আমরা তা দেখার অপেক্ষায় আছি।বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের সুফল যে কেমন হতে পারে তা ‘সিটি স্টেট’ সিঙ্গাপুরের দিকে তাকালে সুস্পষ্টভাবে অনুধাবন করা যায়। এক সময়ের মশা অধ্যুষিত জেলেপল্লী হিসেবে পরিচিত সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতি এবং এ অসাধারণ উন্নয়নের পেছনে রয়েছে আইনের শাসনের অতুলনীয় ভূমিকা। স্বাধীনতার পর থেকেই লি কুয়ান ইউয়ের নেতৃত্বে সিঙ্গাপুর সরকার একটি শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলে, যেখানে দুর্নীতির কোনো স্থান ছিল না। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখা হয়, চুক্তি সম্পর্কিত আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং সম্পত্তির অধিকার সুরক্ষিত করা হয়। ফলে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা নিশ্চিত হতে পারেন তাদের বিনিয়াগ সুরক্ষিত থাকবে এবং যেকোনো বিরোধ আইনের মাধ্যমে ন্যায়সংগতভাবে নিষ্পত্তি হবে। এ আস্থার অনুকূল পরিবেশেই সিঙ্গাপুরকে বহুজাতিক কোম্পানিগুলোর আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের জন্য পছন্দের গন্তব্য স্থানে পরিণত করেছে।আইনের শাসন শুধু বিনিয়োগ আকর্ষণেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সিঙ্গাপুরের সামগ্রিক ব্যবস্থাকেই পরিশুদ্ধ করে সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুর্নীতিবিরোধী সংস্থা কেপিআইবি অত্যন্ত ক্ষমতাশালী করা হয়েছে এবং মন্ত্রী থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মকর্তা কেউই সেখানে আইনের ঊর্ধ্বে নয়। এ জবাবদিহিতার সংস্কৃতি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দক্ষ ও বিশ্বাসযোগ্য করে তুলেছে, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার খরচ কমিয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। বিশ্বব্যাংকের ‘সহজ ব্যবসার সুযোগ’ সূচকে সিঙ্গাপুর ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। এর মূল ভিত্তি হল ‘প্রেডিক্টেবল’ বা পূর্বানুমানযোগ্য, স্বচ্ছ ও ‘রুল বেইজড সিস্টেম’ তথা কার্যকর আইনি ব্যবস্থা। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনের শাসনের সূচকে সিঙ্গাপুরের বর্তমান অবস্থান দশমিক ৭৮, যা পৃথিবীতে ১৬তম। এর বিপরীতে বাংলাদেশের অবস্থান দশমিক ৩৯। সংক্ষেপে বলতে গেলে, আইনের শাসন সিঙ্গাপুরের অর্থনেতিক সাফল্যেরও কেন্দ্রবিন্দু; এটি কেবল একটি আইনি কাঠামোই নয়, বরং দেশটির উন্নয়নের মূল চাবিকাঠি।
একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্বের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয় এবং জন্মলগ্নে মুক্তিকামী জনগণের জন্য কোনো প্রতিবন্ধকতাই অনতিক্রম্য ছিল না। তবু বাংলাদেশ তার পূর্ণ সম্ভাবনাকে, বিশেষত অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে পারেনি। এর অন্যতম কারণ দেশটির আত্মঘাতী রাজনীতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দুর্নীতি ও আইনের শাসনের অপ্রতুলতা তথা সুশাসনের অভাব, যা আজও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি পথে একটি পর্বতপ্রমাণ বাধারূপে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এ বাধা দূর করতে আমাদের রাজনীতিবিদদের পাশাপাশি ব্যবসায়িক সম্প্রদায়ের এগিয়ে আসার কোনো বিকল্প নেই। সচেতন ও সক্রিয় নাগরিক সমাজ এবং সুশাসন অর্জনের লক্ষ্যে তাদের অব্যাহত সোচ্চার ভূমিকা ছাড়া যা ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে আমাদের আশঙ্কা।
