শুক্রবার, 20 নভেম্বর 2026 · 11:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নতুন কৃষিঋণ নীতিমালা ঘোষণা: গুরুত্ব পাচ্ছে আধুনিক যন্ত্র, প্রযুক্তি ও পুরো সরবরাহ ব্যবস্থা! · ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার! · রাজধানীর বাজারে বেড়েছে সরু চাল ও কয়েকটি সবজির দাম, কমেছে ডিম-মুরগির দর! · এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ হাইকমিশনে চিঠি: নতুন পাসপোর্ট ও এনআইডি নিয়ে নতুন মোড়! · সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা, কাতার ও কুয়েতের নিন্দা! · যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত জাতীয় সাইবার পরিচালক হলেন পেন্টাগনের সিআইও কার্স্টেন ডেভিস! · কারাগারে রেকর্ড ১ লাখ ১৫ হাজার বন্দি, বাড়তি নিরাপত্তা ও নজরদারি শুরু! · আজকের আবহাওয়া, পঞ্জিকা ও অন্যান্য বার্তা | ২০ নভেম্বর ২০২৬!
কৃষি অর্থনীতি।

নতুন কৃষিঋণ নীতিমালা ঘোষণা: গুরুত্ব পাচ্ছে আধুনিক যন্ত্র, প্রযুক্তি ও পুরো সরবরাহ ব্যবস্থা!

নতুন কৃষিঋণ নীতিমালা ঘোষণা: গুরুত্ব পাচ্ছে আধুনিক যন্ত্র, প্রযুক্তি ও পুরো সরবরাহ ব্যবস্থা!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

কৃষিঋণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে কৃষির পুরো সরবরাহ ব্যবস্থাকে অর্থায়নের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ফসল উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনেও দেওয়া যাবে কৃষিঋণ। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র কেনা, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

কৃষিঋণ বিতরণের জন্য চারটি প্রধান খাত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শস্য ও ফসল খাতে মোট কৃষিঋণের ৫৫ শতাংশ, সেচ ও কৃষিযন্ত্র খাতে ২, মৎস্য খাতে ১৩ এবং প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ বিতরণ করতে হবে। বাকি ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সেবামূলক কার্যক্রমে ব্যয় করা যাবে।

নীতিমালার অন্যতম বড় পরিবর্তন হলো, কৃষিঋণের আওতা এখন আর শুধু উৎপাদন পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না। কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত উদ্যোক্তা, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও এ ঋণ সুবিধা পাবেন। ফলে মাঠপর্যায়ে উৎপাদন থেকে শুরু করে বাজারে পণ্য সরবরাহ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থায়নের সুযোগ তৈরি হবে।

প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতে একক ও দলগত—উভয় পদ্ধতিতে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য হবেন না।

কৃষিঋণ বিতরণে অনিয়ম রোধ এবং প্রকৃত কৃষকদের কাছে ঋণ পৌঁছানো নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখাগুলোকে বিশেষ ঋণ বিতরণ ক্যাম্প পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।

আধুনিক কৃষির প্রসারে কৃষিযন্ত্র কেনার জন্য ঋণ সুবিধা বাড়ানো হয়েছে।

ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণে কৃষিযন্ত্রের ব্যবহারকাল, স্থায়িত্ব ও আয় বিবেচনা করতে হবে। সাধারণত এসব যন্ত্রের কার্যকাল তিন থেকে পাঁচ বছর। যন্ত্র ব্যবহার করে কৃষক মৌসুমভিত্তিক আয় করেন—এ বিষয়টি মাথায় রেখেই কিস্তি নির্ধারণ করতে হবে। প্রয়োজনে ঋণ পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ছাড় দেওয়া যাবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।
টপিক: কৃষি অর্থনীতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ