সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

সার্চ ইঞ্জিন ও নিজস্ব চিন্তার চেয়ে এআইয়ে কম মস্তিষ্কের সক্রিয়তা: এমআইটির অনুসন্ধান!

সার্চ ইঞ্জিন ও নিজস্ব চিন্তার চেয়ে এআইয়ে কম মস্তিষ্কের সক্রিয়তা: এমআইটির অনুসন্ধান!
সায়েন্স ডেস্কঃ

লেখার মতো সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার মানুষের চিন্তাভাবনা ও শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এমআইটি মিডিয়া ল্যাবের একদল গবেষক। ৫৪ শিক্ষার্থীর ওপর কয়েক মাস ধরে গবেষণা চালিয়ে তাঁরা জানান, কোনো সহায়তা ছাড়া রচনা লেখা ব্যক্তিদের তুলনায় এআই টুলের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ কম এবং স্মৃতিশক্তি দুর্বল ছিল।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ওয়েলেসলি কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, টাফ্টস ইউনিভার্সিটি ও নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর এ গবেষণা করা হয়। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রথমে ৩টি দলে ভাগ করে একটি দলকে চ্যাটজিপিটি, দ্বিতীয় দলকে প্রচলিত সার্চ ইঞ্জিন এবং তৃতীয় দলকে প্রযুক্তির সহায়তা ছাড়াই নির্দিষ্ট বিষয়ে রচনা লিখতে বলা হয়। চতুর্থ সেশনে যাঁরা আগে এআই ব্যবহার করেছিলেন, তাঁদের কোনো টুল ছাড়াই লিখতে বলা হয়। অন্যদিকে যাঁরা শুরুতে কোনো টুল ছাড়া লিখেছিলেন, তাঁদের এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

গবেষণা চলাকালে লেখার সময় শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্রম পরিমাপ করতে ইলেকট্রো–এনসেফালোগ্রাফি বা ইইজি প্রযুক্তি ব্যবহার করেন গবেষকেরা। এরপর তাঁরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কৌশল ব্যবহার করে রচনাগুলো বিশ্লেষণ করেন। এ ছাড়া অংশগ্রহণকারীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের মতামত সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গেছে, লেখার সময় ব্যবহৃত টুলের ওপর ভিত্তি করে মস্তিষ্কের সংযোগের ধরন ভিন্ন হয়। কোনো বাহ্যিক সহায়তা ছাড়া রচনা লেখা অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্নায়বিক সম্পৃক্ততা দেখা গেছে। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের মধ্যে মাঝারি মাত্রার সম্পৃক্ততা লক্ষ করা গেলেও কাজের সময় এআই টুলের ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ ছিল সবচেয়ে কম।

গবেষণায় দেখা গেছে, বাহ্যিক সহায়তার পরিমাণের সঙ্গে মস্তিষ্কের সংযোগের মাত্রা কমে আসে। এর অর্থ হলো, অংশগ্রহণকারীরা লেখার সময় যত বেশি সহায়তা নিয়েছেন, তাঁদের মস্তিষ্কের কার্যক্রম তত কমে গেছে। অংশগ্রহণকারীরা যা লিখেছেন, তা কতটা ভালোভাবে মনে রাখতে পারেন, তা–ও এ গবেষণায় যাচাই করা হয়েছে। কাজ শেষ করার পরপরই গবেষকেরা অংশগ্রহণকারীদের তাঁদের রচনা থেকে কিছু বাক্য উদ্ধৃত করতে বলেন। এআই টুল ব্যবহারকারীরা নিজের লেখা বেশি মনে করতে পারেননি। একটি সেশনে এআইয়ের সহায়তা নেওয়া ৮৩ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী তাঁদের রচনা থেকে সঠিকভাবে উদ্ধৃতি দিতে ব্যর্থ হন। বিপরীতে সার্চ ইঞ্জিন ও কেবল মস্তিষ্ক ব্যবহারকারী দলের অংশগ্রহণকারীদের মনে রাখার ক্ষমতা অনেক বেশি ছিল।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ