সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড: ওটিপি ও পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে চক্র!

হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড: ওটিপি ও পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে চক্র!

সায়েন্স ডেস্কঃ

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার জালিয়াতির ঝুঁকিও। প্রতারকরা হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধা ব্যবহার করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এই প্রতারণায় একটি কলের মাধ্যমেই ব্যবহারকারীর গোপন তথ্য চলে যেতে পারে অপরাধীদের হাতে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ব্যাংক বা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের ফোন করে। এরপর ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে জানিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে বলে। ব্যবহারকারী এতে সম্মতি দিলেই প্রতারকরা তার ফোনের পর্দায় থাকা বিভিন্ন তথ্য দেখতে পারে।

এর মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা অনুমতি ছাড়া আর্থিক লেনদেন করতে পারে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফোনে কী-লগারের মতো ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে ব্যবহারকারীর টাইপ করা প্রতিটি তথ্য রেকর্ড করার চেষ্টা করে তারা। এতে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ডও চুরি হতে পারে।

যেভাবে প্রতারণার ফাঁদে পড়েন

প্রতারকরা সাধারণত মানুষের বিশ্বাস ও আতঙ্ককে কাজে লাগায়। ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে কিংবা দ্রুত ব্যবস্থা না নিলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে বলে জানায় তারা। এরপর স্ক্রিন শেয়ারিং চালু করতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে চাপ দেয়।

স্ক্রিন শেয়ারিং চালু হলে প্রতারকরা সরাসরি ব্যবহারকারীর ফোনের কার্যক্রম দেখতে পারে। ফলে পাসওয়ার্ড বা ওটিপি প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই সেগুলো জেনে যায়। কিছু ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ডিং বন্ধ রাখার নিরাপত্তাব্যবস্থা থাকলেও স্ক্রিন শেয়ারিংয়ের কারণে ব্যবহারকারী ঝুঁকিতে পড়তে পারেন।

যেভাবে নিরাপদ থাকবেন

- ফোনকারীর পরিচয় ব্যাংকের আনুষ্ঠানিক নম্বর বা মাধ্যমে যাচাই করুন।

- অপরিচিত বা সন্দেহজনক কারও অনুরোধে স্ক্রিন শেয়ারিং চালু করবেন না।

- স্ক্রিন শেয়ারিংয়ের সময় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করবেন না।

- অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি বন্ধ রাখুন।

- অপরিচিত নম্বরের কল ও সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলুন।

- কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে সতর্ক হোন এবং সন্দেহজনক নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যাংক কখনো ফোনে গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এসব তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সচেতনতা, সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখাই এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার প্রধান উপায়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ