সায়েন্স ডেস্কঃ
মহাকাশে একটি মৃতপ্রায় বড় তারা তার ছোট সঙ্গী তারাকে গিলে ফেলেছে। সেই দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বড় তারাটি সূর্যের সাত গুণ ভর ও ১৮ হাজার গুণ বেশি উজ্জ্বল। দুটি তারা এভাবে একীভূত হওয়ার দৃশ্য আগে কখনো দেখা যায়নি। বড় তারাটি জীবনের প্রায় শেষ সময়ে অস্বাভাবিকভাবে ফুলে উঠে পাফি সুপারজায়ান্টে রূপ নেয় এবং ছোট তারাটিকে গ্রাস করে। পরে তারা দুটি মিলে একটি তারায় পরিণত হয়।
তারা গ্রাসের ঘটনাটি ঘটার প্রায় তিন বছর আগেই তা শনাক্ত করতে পেরেছিলেন গবেষকরা। পরে ধাপে ধাপে পুরো একীভূত হওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে গবেষণাটি প্রকাশিত হয়েছে। পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ে ছায়াপথের অন্যতম নিকট প্রতিবেশী অ্যান্ড্রোমিডা ছায়াপথের প্রান্তে এ মহাজাগতিক মিলন ঘটেছে। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটারকে এক আলোকবর্ষ বলা হয়।
গবেষণার প্রধান লেখক, নিউইয়র্কের ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার পোস্টডক্টরাল গবেষক ও নাসা হাবল ফেলো বিরাজ করমবেলকর বলেন, দানবাকার তারার তার সঙ্গী তারাকে গিলে ফেলার বিষয়টি বহু দশক ধরেই তাত্ত্বিকভাবে আলোচিত হয়ে আসছে। মহাবিশ্বে আজ আমরা যে নানামুখী তারাব্যবস্থা দেখি তা ব্যাখ্যার ক্ষেত্রে এ প্রক্রিয়ার ফলাফল বোঝা গুরুত্বপূর্ণ। এ গবেষণায় উঠে আসা তারাব্যবস্থাটি এ প্রক্রিয়া ঘটার প্রথম সরাসরি পর্যবেক্ষণ তুলে ধরেছে, অর্থাৎ কোনো দানবাকার তারা তার সঙ্গীকে গিলে ফেলার মুহূর্তটি এই প্রথম সরাসরি ধরা সম্ভব হলো।
জীবনকালের শেষ প্রান্তে পৌঁছে বড় তারাগুলোর কেন্দ্রের জ্বালানি ফুরিয়ে গেলে কেন্দ্র সংকুচিত হতে থাকে ও ভেতরের প্রচণ্ড তাপ বাইরের স্তরগুলোকে বাইরের দিকে ঠেলে দেয়। ফলে তারাটি ফুলে ওঠে। এ গবেষণার বড় তারাটি ফুলে সূর্যের ব্যাসের ৩৫০ গুণ হয়ে গিয়েছিল। অন্যদিকে, সূর্যের ব্যাসের প্রায় ৭০ শতাংশ আকারের ছোট তারাটি সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী দূরত্বের সমান কক্ষপথে বড় সঙ্গীটিকে প্রদক্ষিণ করছিল ও বড় তারাটির এ প্রসারণের মধ্যেই সেটা বিলীন হয়ে যায়।
২০১৮ সালে এ ঘটনা শুরু হয়। সেই সময় থেকে তারার উজ্জ্বলতা বৃদ্ধির বিষয়টি শনাক্ত করেছিলেন গবেষকরা। এরপর পরবর্তী সাত বছর ধরে ছোট তারাটি ক্রমে বড় তারাটির কেন্দ্রের দিকে সর্পিলভাবে ভেতরে ঢুকতে থাকে। ২০২৫ সালের শেষ দিকে ছোট তারাটি শেষ পর্যন্ত বড় তারাটির কেন্দ্রের সঙ্গে একীভূত হয় ও সূর্যের চেয়ে ১০ লাখ গুণ বেশি উজ্জ্বল বিস্ফোরণের জন্ম দেয়, যাকে একত্রীকরণ ঘটনা বা ইউনিফিকেশন ইভেন্ট বলে বর্ণনা করেছেন করমবেলকর।
ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির ইনফ্রারেড ‘উইন্টার’ টেলিস্কোপ ও নাসার ‘নিওওয়াইজ’ স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে গবেষকরা প্রথমে তারা দুটি শনাক্ত করেন। এরপর কক্ষপথে থাকা ‘স্ফিয়ারএক্স’ ও ‘জেমস ওয়েব’ স্পেস টেলিস্কোপ এবং বিভিন্ন ভূমিভিত্তিক মানমন্দিরের সাহায্যে পুরো ঘটনাগুলো পর্যবেক্ষণ করেন গবেষকরা।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
