রায়পুরা প্রতিনিধি|জনতার দেশঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী বা তাদের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিদের কেউ চেয়ারম্যান কিংবা ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সততা, যোগ্যতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা রয়েছে এবং এলাকার উন্নয়নে কাজ করার সক্ষমতা রয়েছে—এমন ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসতে হবে।
এমপি বকুলের এ বক্তব্যকে কেন্দ্র করে রায়পুরার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
রাজনৈতিক সূত্রে জানা গেছে,ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এই বক্তব্যটি কোন জনসমাবেশে দেননি।তিনি রায়পুরাতে সম্প্রতি একটি দলীয় ফোরামের গুরুত্বপূর্ণ মিটিংয়ে স্হানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করে এই নির্দেশনা বার্তাটি দিয়েছেন বলে জানা গেছে।
রায়পুরার ২৪ টি ইউনিয়নের মধ্যে এমন অসংখ্য নেতা কর্মি আছেন যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে নিজের স্বার্থ হাসিল করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।রায়পুরার এমপির এমন বক্তব্যে ভীত নড়ে ওঠেছে চেয়ারম্যান, মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশীদের।
