ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ পুলিশের দুই উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (কেএমপি) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতারকে কেএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট, ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশ এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে বদলি করা হয়েছে
অন্যদিকে, পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।
তথ্য সূত্রঃ
# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখার প্রজ্ঞাপন পত্র অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।
