স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
সম্প্রতি শেরপুর থেকে ফেরার পথে জামালপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। থানায় পৌঁছালে তাঁকে মো: নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুরের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় নির্মাণাধীন আধুনিক ভবনের কাজের গুণগত মান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। একই সাথে তিনি পুরাতন ভবন ও থানা কম্পাউন্ড পরিদর্শন করেন এবং থানায় আসা সাধারণ সেবাপ্রার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যা শোনেন ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি থানায় আসা নাগরিকদের সাথে বিনয়ী আচরণ করার এবং দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতার সাথে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ অফিসার্স মেস, জামালপুর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন।
এরপর ডিআইজি মহোদয় জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় ডিআইজি মহোদয় জেলার অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির স্থানসমূহে গোয়েন্দা নজরদারি জোরদার করে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে উৎসবকে সার্বজনীন ও উৎসবমূখর করতে বিশেষ নির্দেশ দেন।