ক্রীড়া ডেস্কঃ
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ হয়েছে কিছুদিন আগেই। আগামী মাসের মাঝামাঝি মেসি-পরবর্তী নতুন যুগ শুরু করতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। তবে যে মনুমেন্তাল স্টেডিয়ামে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন, সেই ভেন্যুতে এবার খেলবে না আলবিসেলেস্তেরা।
নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি, ভেন্যু গত ১৬ অক্টোবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী মাসে স্কালোনির দলের সেই দুই ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে, কোস্টারিকা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ হওয়ার কথা থাকলেও ভেন্যুটা তখন নিশ্চিত হওয়া যায়নি। অবশেষে গতকাল এএফএ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী শহরের লা বোম্বোনেরায় স্কালোনির দল খেলতে নামবে উরুগুয়ের বিপক্ষে।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা পাচ্ছে তিন দিনের বিরতি। ১৭ নভেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে আকাশী-নীলরা। গত ১৬ অক্টোবর এএফএ যা জানিয়েছিল, সেই ভেন্যুই বহাল থাকছে আর্জেন্টিনা-কোস্টারিকা ম্যাচের জন্য।
সবশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। তিন ম্যাচ মিলিয়ে দিয়েছে ১৪ গোল। কোনো গোল হজম করেনি আলবিসেলেস্তেরা। বলিভিয়াকে ৪-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা এরপর বুরকিনা ফাসোর বিপক্ষে জেতেছে ৭-০ গোলে। এই দুই ম্যাচ মেসি খেলেননি। তিনি বেনিনের বিপক্ষে ম্যাচটি রাঙিয়েছেন নিজের মতো করে। ৭ অক্টোবর মনুমেন্তালে বিদায়ী ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
গত ৭ অক্টোবরে মনুমেন্তালে আর্জেন্টিনা-বেনিন ম্যাচটা আগে থেকেই হয়ে ওঠে মেসিময়। কারণ, এই ম্যাচটা ছিল আর্জেন্টিনার তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচটা তাই হয়ে থাকল। আর্জেন্টিনার তিনটি গোলেই তিনি অবদান রেখেছেন। দুটি অ্যাসিস্ট করেছেন। গোল করেছেন একটি। তাছাড়া এই মনুমেন্তালে ২০২৩ সালে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্বকাপ নিয়ে উদযাপন করেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টাইন তারকা তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেন।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। অ্যাসিস্ট করেছেন ৬৯ গোলে। যার মধ্যে বিশ্বকাপে করেছেন ২১ গোল। এই ২১ গোলের আটটিই এসেছে এ বছরের জুন-জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জেতেন তিনি।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম