ডেস্ক রিপোর্ট | জনতার দেশ :
আজ শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।
বৃহস্পতিবার ২০ আগস্ট ট্রাফিক মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) আমির খসরু স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার,প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ২১ আগস্ট বিকাল তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
নির্দেশনা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরের Alico গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা,বঙ্গভবন রুট ও রাজউক ক্রসিং, ডি আই টি রোড পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এ’ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা মোড় থেকে গুলিস্তানগামী বাস গুলো দৈনিক বাংলা, ইবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে অন্য সুবিধা জনক বিকল্প সড়ক ব্যবহারের ও পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক বাংলা মোড় থেকে রাজউক মুখী কোন বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
অন্যদিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহন গুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানদিকে ইবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা -শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।
বিকল্প হিসেবে জিরো পয়েন্ট – ইবিএল ক্রসিং নাইটিঙ্গেল ক্রসিং -ফকিরাপুল ক্রসিং -শাপলা চত্বর -ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি আরো জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
তথ্যসূত্র:
# প্রথম আলো
# যুগান্তর
# ইত্তেফাক
#নয়াদিগন্ত
# মতিঝিল ট্রাফিক জোন