রবিবার, 29 নভেম্বর 2026 · 19:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান! · যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫! · শিক্ষক সংকটে ভুগছে  নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান! · চেঙ্গিস খানের বংশধর থেকে মুসলিম শাসক: গাজান খানের উত্থান ও সংস্কার!
ফ্যাশন ও মডেলিং

উষ্ণতায় আর আভিজাত্যে: নিউ ইয়র্কে সামিরা খান মাহির শীতের সাজ!

উষ্ণতায় আর আভিজাত্যে: নিউ ইয়র্কে সামিরা খান মাহির শীতের সাজ!
বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

একটু বিরতি, একটু নিজের মতো করে সময় কাটানো। মিস ইউনিভার্সের মঞ্চ ঘিরে টানা ব্যস্ততা, প্রস্তুতি আর নানা অভিজ্ঞতার পর এবার যেন নিজের ছন্দে ফিরছেন বাংলাদেশের সুন্দরী সামিরা খান মাহি। আর সেই বিরতির ঠিকানা সুদূর নিউ ইয়র্ক! মার্কিন মুলুকের শীতল আবহাওয়ায় শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

আর ঘোরাঘুরির ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন একের পর এক স্টাইলিশ ছবি। নিউ ইয়র্কের মেঘলা আকাশ, শীতের আমেজ আর মাহির ফ্যাশনেবল শীতপোশাক মিলিয়ে তার সাম্প্রতিক লুক এখন আলোচনায়।

নিউ ইয়র্কের শীতের সঙ্গে সহজে মানিয়ে নিয়েছেন মাহি। তার একটি লুকে দেখা গেল ধবধবে সাদা ফারকোট। পাফার স্টাইলের এই কোটে রয়েছে ফারের টেক্সচার এবং উষ্ণতার ছোঁয়া। কোটটির সঙ্গে মাথায় জুড়ে দেওয়া ফারের টুপিও রয়েছে। ফলে আলাদা করে শীতের টুপি পরার ঝামেলা নেই, আবার সাজেও এসেছে অভিনবত্ব।

চুল খোলা রেখেছেন তিনি। ঠোঁটে গ্লসি ন্যুড ব্রাউন লিপকালার, চোখে কালো রোদচশমা। সঙ্গে স্টাইলিশ ব্যাগ। সব মিলিয়ে সাজটি বেশ আধুনিক এবং শীতের শহরের সঙ্গে মানানসই। কোটের সোনালি জিপার পোশাকটিতে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

সাদা স্নিকার্সের সঙ্গে ম্যাচিং স্পোর্টি ফ্লেয়ার প্যান্ট তার সাজে এনেছে ক্যাজুয়াল ছোঁয়া। অর্থাৎ উষ্ণতা বজায় রেখেও যে ফ্যাশনেবল থাকা যায়, মাহির এই লুক তারই উদাহরণ।

সাদা পোশাকের পর মাহির আরেকটি লুক নজর কেড়েছে সম্পূর্ণ আলাদা কারণে। এবার তার পছন্দ কালো। মাথা থেকে পা পর্যন্ত কালো রঙের পোশাকে তৈরি করেছেন মনোক্রোম স্টাইল। ভেতরে কালো ফুলস্লিভ টপ বা সোয়েটার, তার ওপর কালো ফারের স্লিভলেস জ্যাকেট। সঙ্গে কালো প্যান্ট। একই রঙের বিভিন্ন পোশাকের স্তর তৈরি করে সাজে এনেছেন গভীরতা।

শীতের ফ্যাশনে লেয়ারিং বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় একাধিক পোশাক একসঙ্গে পরার ক্ষেত্রে রং ও কাটের সমন্বয় জরুরি। মাহির এই কালো লুকেও সেই বিষয়টি চোখে পড়ে। ফারের জ্যাকেট পোশাকে আলাদা টেক্সচার যোগ করেছে। আবার কালো রঙের ব্যবহার পুরো সাজকে দিয়েছে পরিপাটি ও স্মার্ট চেহারা।

পোশাকের মতো মেকআপেও খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করেননি মাহি। বরং বেছে নিয়েছেন স্বাভাবিক ও স্নিগ্ধ সাজ। ত্বকের সঙ্গে মানানসই বেস মেকআপ, হালকা ব্লাশ আর ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক। চোখে বড় কালো ফ্রেমের সানগ্লাস। কানে ছোট ঝকঝকে স্টাড দুল। চুল পেছনে টেনে পরিপাটি করে বাঁধা।

এই স্লিক হেয়ারস্টাইলের ফলে মুখের সাজও স্পষ্ট হয়ে উঠেছে।পোশাকের রং গাঢ় হলেও মেকআপে ভারী কিছু রাখেননি তিনি। ফলে পুরো লুকটি অতিরিক্ত সাজানো মনে হচ্ছে না। বরং সাধারণ সাজের মধ্যেই রয়েছে আভিজাত্য। শীতের পোশাক মানেই মোটা সোয়েটার আর জ্যাকেট- এমন ধারণা বদলে দিচ্ছে এখনকার ফ্যাশন।

ফারকোট, পাফার জ্যাকেট, মনোক্রোম পোশাক কিংবা স্নিকার্সের মতো উপকরণ দিয়েই তৈরি করা যায় আকর্ষণীয় শীতকালীন লুক। মাহির সাজ থেকে কয়েকটি বিষয় অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন।

মিস ইউনিভার্সের মঞ্চের ঝলমলে উপস্থিতি থেকে নিউ ইয়র্কের রাস্তার ক্যাজুয়াল ফ্যাশন-দুই ক্ষেত্রেই নিজের স্টাইল ধরে রেখেছেন সামিরা খান মাহি। তাঁর এই শীতের সাজ মনে করিয়ে দেয়, ফ্যাশন মানেই সব সময় অতিরিক্ত আয়োজন নয়। কখনও একটি সুন্দর কোট, মানানসই সানগ্লাস আর আত্মবিশ্বাসী উপস্থিতিই হয়ে উঠতে পারে পুরো লুকের সবচেয়ে বড় আকর্ষণ।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ফ্যাশন ও মডেলিং দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ