হেল্থ ডেস্ক|জনতার দেশঃ
গত এক বছরে দেশে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্তদের ৮৫ শতাংশই পুরুষ। তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম) ও পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ) জনগোষ্ঠীর সদস্য।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্ত ব্যক্তিদের ৪৮ শতাংশ বিবাহিত ও ৪৮ শতাংশ অবিবাহিত। এছাড়া ১ শতাংশ বিধবা ও ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচআইভি সংক্রমণের চিত্র তুলে ধরেন মন্ত্রী।
২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও যুবক। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১।
তিনি বলেন, ‘নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশ এমএসএম, ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ নারী যৌনকর্মী ও ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। এছাড়া ৫ শতাংশ রোহিঙ্গা, ১১ শতাংশ প্রবাসফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালে এইচআইভিতে আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২৫৪। তবে নতুন শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চলতি বছরে শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশকে শনাক্তের পরপরই চিকিৎসার আওতায় আনা হয়েছে বলে জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারি অর্থায়ন ও গ্লোবাল ফান্ডের সহযোগিতায় দেশে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি উদ্যোগে ২০ জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও পরিচালিত ড্রপ-ইন সেন্টারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমানে দেশে ১০ হাজার ১১৪ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে সরকার বিনামূল্যে এআরভি ওষুধ সরবরাহ করছে। ২০১৭ সাল থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় বহন করছে সরকার।’
দেশের ৪২টি জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষের মধ্যে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন শিরায় মাদক গ্রহণকারী, পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, নারী যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা।’
এসব কার্যক্রমের আওতায় এইচআইভি প্রতিরোধ সামগ্রী বিতরণ, পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, পিয়ার এডুকেশন ও আচরণ পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের ১১টি জেলার ১১টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
এ কার্যক্রমে উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলো সহায়তা করছে বলে জানান তিনি।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
