হেল্থ ডেস্ক|জনতার দেশঃ
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স: ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যাচ্ছেন। এটি দেশের জনস্বাস্থ্য এবং বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। তাই চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও অবকাঠামো নির্মাণে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করা হলে কেন্দ্রীয়ভাবে চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিরীক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।
মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মৎস্যসম্পদ ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খামার পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই পশুপাখিকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইইডিসিআরের চলমান এএমআর নজরদারি কার্যক্রমকে সাময়িক প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন।
ফ্লু কিংবা ভাইরাসজনিত সাধারণ জ্বরে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম পামী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
