ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুর কোষ্টগার্ড সদস্যদের মারধরে মো.শামীম ফকির (২৮) নামে এক শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটার পর রাত পৌনে ২ টার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে। সে ওই গ্রামের রনি ফকিরের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে আহত শামীম ফকির জানান, তিনি সহ তার এক ছোট ভাই সোনাতলা নদীর উপর নির্মিত হাজীপুর সেতুতে ঘুরতে যান। এ সময় সাদা পোষাকধারী কোষ্ট গার্ডের তিন সদস্য তার কাছে এসে নানান প্রশ্ন করে তাকে ধরে নিয়ে যান মহিপুর থানার নিজামপুর কোষ্টগার্ড অফিসে। সেখানে তাকে চিংড়ির রেনুপোনার গোয়েন্দাগিরি করার অভিযোগে তাকে মারধর করা হয়। এমনকি তার অন্ডকোষ লক্ষ্য করে লাথিও মারা হয়। এসময় কোরবানীর পশু ক্রয়ের জন্য পকেটে থাকা ১০ হাজার ৭০০ টাকা তারা নিয়ে যায়। এছাড়া তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি তার হাত -পা বেধেঁ বৈদুতিক শর্ট দেয়া হয় বলে শামীম ফকির এ প্রতিনিধিকে জানান।
এদিকে,হাজীপুরের স্থানীয় বাসিন্দাদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেন'” চিংড়ির রেনুপোনা শিকারের মৌসুমে প্রায় প্রতিদিনই শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের নাকের ডগায় নিষিদ্ধ জাল ব্যবহার করে চিংড়ির রেনুপোনা অবাদে শিকার করে যাচ্ছে। এ গুলো বন্ধ করে না তারা,এর রহস্য কি ?
এছাড়া কোষ্টগার্ড সদস্যরা কারোর হাত-পা বেধেঁ নির্যাতন করলে সেটাকি অমানবিক বেআইনি হবেনা?
অপরদিকে, কলাপাড়া হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, শামীম ফকিরকে রাত ১ টা ৫০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার শরীরে ফুলা,জখম রয়েছে বলে সূত্রটি জানায়।
এ বিষয়ে নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের এই মোবাইল নম্বরে (01769443205) কল করলে রিসিফকৃত ব্যক্তি নিজেকে কোষ্টগার্ডের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং নিজের নাম বলতে অপারগতা প্রকাশ করে এবং কোষ্টগার্ড অফিসে এমন কোন ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।