স্টাফ রিপোর্টারঃ
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। একই সঙ্গে মেডিকেল পরীক্ষা নিয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ দেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত টাকা দাবি করলে কিংবা হয়রানি, তালবাহানা বা অন্য কোনো ধরনের অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যে কোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না।
এছাড়া, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে, স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইগ্রামস (এমআইজিআরএএমএস) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। তাই এ বাবদ কোনো অর্থ দাবি করা হলে তা দেওয়ার প্রয়োজন নেই।
মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করবে মন্ত্রণালয়। কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করলে বা কর্মীদের হয়রানি করলে [email protected] ই-মেইল ঠিকানায় অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম