স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইনজীবীদের জন্য প্রস্তাবিত ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় নকশা ও কাগজপত্র সরবরাহের নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণ এবং আদালত প্রাঙ্গণের রাস্তা, করিডোর ও ড্রেন সংস্কারের উদ্যোগ নিতেও নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় আইনজীবীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর দ্রুত সমাধানে সহযোগিতা কামনা করেন তারা।
সাক্ষাতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, আইনজীবী সমিতির দুই সহসভাপতি, দুই সহসম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
সাক্ষাৎকালে আইনজীবীদের বসার স্থানের তীব্র সংকটের বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি জানান, এ সংকট নিরসনে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্পটির কাজও শুরু হয়েছিল, তবে পরবর্তী সময়ে তা আর বাস্তবায়িত হয়নি।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রকল্পটির পটভূমি তুলে ধরেন। তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুমতিক্রমে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। তখন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে ভবন নির্মাণের নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে সরবরাহের নির্দেশ দেন।
অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণ, সংস্কার হবে অবকাঠামো
আইনজীবীদের বসার সুবিধা বাড়াতে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাব দেন সমিতির সম্পাদক। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রধান বিচারপতি।
এ ছাড়া সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের বেহাল অবস্থার বিষয়টি তুলে ধরা হলে এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন তিনি। আইনজীবীদের নামাজের স্থানসংকট নিয়েও আলোচনা হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার স্থানসংকটসহ আরও অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার আহ্বান
ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধান বিচারপতি। আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও তিনি সমিতির নেতাদের আশ্বস্ত করেন।
এদিকে, দীর্ঘ অবকাশ শেষে রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর দিনে বিচারপতি ও আইনজীবীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান সফল করার বিষয়েও আলোচনা হয়।
আইন পেশার মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং বিচারক ও আইনজীবীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি।