স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৬ বছর পর নির্বাচিত এই সংসদের মূল্য আর দুই আনাও নেই। এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কিনা সন্দেহ রয়েছে। কারণ এই সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নেই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই।
আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে গত (শনিবার) যাত্রাবাড়ী এলাকায় লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেশে আইনশৃঙ্খলা অবনতি দেখতে চাই না এবং সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানি মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক চলছে, যে প্রহসন চলছে, এই প্রহসন বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করেছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যে প্রশাসক দেওয়া হয়েছে, অবৈধ প্রশাসক, বিএনপির পক্ষ থেকে সেই প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে? জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে যত প্রশাসক দেওয়া হয়েছে, তারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।
কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
এমএসআই/আরএফ
সূত্র: ঢাকা পোস্ট