মনিরুল ইসলাম আকন্দ সোহেল (স্টাফ রিপোর্টার):
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ছেলে গীতিকার, কণ্ঠশিল্পী ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু (৫২) ইন্তেকাল করেছেন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাঁকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
আশরাফুল আলম নান্টু গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘দুর্জয় বাংলা’র স্বত্বাধিকারী এবং কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। তাঁর বড় ছেলে জিসান সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ছোট ছেলে জিহান নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
তাঁর মৃত্যুতে কেন্দুয়ার সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।