মনিরুল ইসলাম আকন্দ সোহেল(স্টাফ রিপোর্টার): নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে আরেক ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। দুই অবুঝ শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। তাদের নাম মুয়াজ (৭) ও আরাফাত (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার বিপদ দেখে অপর ভাই তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনার সময় তাদের বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
সকালে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। দুই অবুঝ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যুর এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় শোক ও বেদনার সৃষ্টি করেছে।