কেন্দুয়া থেকে (বিশেষ প্রতিনিধি)শাহ আলী তৌফিক রিপনঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব সাদ্দাম আলম ভূইয়া তন্ময়কে (৩০) শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। হামলার পর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি পেছন থেকে তন্ময়কে জাপটে ধরে পলিথিন দিয়ে মাথা ঢেকে নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে পলিথিন ছিঁড়ে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি টর্চের আলো ফেললে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁরা তন্ময়ের মুঠোফোন নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।স্বজনরা জানান, সোমবার ভোরে তন্ময়ের আংশিক জ্ঞান ফিরলে তিনি ঘটনার কিছু অংশ জানান। তবে হামলাকারী কারা, হামলার কারণ কী এবং তাঁকে অচেতন করতে কোনো পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তন্ময় মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূইয়া স্বপনের একমাত্র ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।