সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
বিনোদন

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী: দূরত্বের নেপথ্যে পারিবারিক বাস্তবতা!

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী: দূরত্বের নেপথ্যে পারিবারিক বাস্তবতা!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী থাকেন যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। দীর্ঘ এই দূরত্ব নিয়ে মাঝেমধ্যে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। তবে প্রথম আলোর সঙ্গে বিভিন্ন সময়ে আলাপে দুজনেই জানিয়েছেন এত দীর্ঘ সময় তাঁদের দুই দেশে থাকার কারণ।

২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর আর দেশে ফেরা হয়নি তাঁর। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী জানালেন, মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার জন্যই সেখানে থাকতে হচ্ছে তাঁকে। তাঁর মা এখন আর একা চলাফেরা করতে পারেন না। বয়সজনিত স্মৃতিভ্রংশের সমস্যাও রয়েছে। মায়ের পাশে থাকতে পারাটাকে জীবনের এই সময়ে বড় প্রাপ্তি মনে করেন তিনি।

কবে দেশে ফিরবেন, জানতে চাইলে মৌসুমী প্রথম আলোকে বলেন, ‘ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তাঁর দেখাশোনার বিষয়টা আছে। নিজের নিয়মিত কাজের পাশাপাশি আম্মার দেখাশোনার বিষয়টা তো অবশ্যই আছে।’

মায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মৌসুমী বললেন, ‘আম্মার বয়স হয়েছে, তিনি এখন আর একা চলতে পারেন না। তাঁর হেল্পের দরকার হয়। দেখা গেল, একদিন নিজে নিজে হাঁটতে পারছেন, পরদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এই হচ্ছে এখন আম্মার অবস্থা। ডিমেনশিয়া আছে একটু, এটাও বয়সের কারণে। এর বাইরে অন্য কোনো জটিল সমস্যা নেই।’

মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগকে জীবনের বিশেষ প্রাপ্তি মনে করেন মৌসুমী। তাঁর মতে, ‘কাজের ব্যস্ততার কারণে একটা সময় তো আম্মাকে সেভাবে সময় দিতে পারিনি। শুটিং আরও অন্যান্য ব্যস্ততা। চাইলেও তখন সময় দেওয়াটা সম্ভব ছিল না। তাই এখন যেহেতু কাজ কম, তাই মাকে এখন সময় দিচ্ছি। চোখের সামনে আম্মাকে শিশুর মতো হয়ে যেতে দেখছি। এ সময় আম্মার পাশে থাকতে পারছি, এটাই অনেক বেশি আনন্দের ও ভালো লাগার।’

ওমর সানীও বিভিন্ন সময়ে স্ত্রী মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকার কারণ নিয়ে কথা বলেছেন। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, শাশুড়ির অসুস্থতা এবং মেয়ে ফাইজার পড়াশোনার বিষয়টি বিবেচনা করেই মৌসুমীকে সেখানে থাকতে বলেছেন তিনি। পরিবারের সদস্য হিসেবে মায়ের যত্ন নেওয়ার দায়িত্ব তাঁদেরই বলে মনে করেন এই অভিনেতা। অন্যদিকে ২০২৬ সালের জানুয়ারিতে এক পডকাস্টে ওমর সানী জানান, তিনিও যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন। তবে ভিসা পাননি। পরে আর যাওয়ার চেষ্টা করেননি।

মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন মেয়ে ফাইজা। তিনি নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। পরিবারের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। অন্যদিকে বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসা নিয়েও ব্যস্ত তিনি। ঢাকার মানিকগঞ্জ ও হেমায়েতপুরে রেস্টুরেন্টের দুটি শাখা চালু করেছেন। এদিকে সিনেমার কাজও আগের তুলনায় কমিয়ে দিয়েছেন।

মৌসুমী ও ওমর সানী দুজনে দুই দেশে থাকলেও তাঁদের মধ্যে সব সময় যোগাযোগ রয়েছে। নিয়মিত পরিবারের সদস্যদের ভিডিও কলে কথা হয়। ২০২৬ সালের ৬ মে ওমর সানীর জন্মদিনে স্ত্রীকে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন মৌসুমী। সেখানে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার কথা বলেন তিনি। ওমর সানীও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করে স্ত্রীকে ধন্যবাদ জানান। ৩ নভেম্বর ছিল মৌসুমীর জন্মদিন, এদিনও চিত্রনায়িকা স্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি ফেসবুকে প্রকাশ করেছেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই মৌসুমী। সেখানে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও অংশ নিয়ে থাকেন।

এদিকে দীর্ঘদিনের এই দূরত্ব নিয়ে বিচ্ছেদের গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন ওমর সানী। তাঁর মতে, প্রায় ৩১ বছর একসঙ্গে সংসার করার পর পারিবারিক প্রয়োজনে কিছু সময় আলাদা থাকছেন তাঁরা। শিগগিরই আবার দেখা হবে দুজনের।

মৌসুমী ও ওমর সানীর প্রেম-ভালোবাসার গল্প তিন দশক পেরিয়েও দর্শকের আগ্রহের বিষয়। ১৯৯৫ সালের ৪ মার্চ চুপিসারে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের দেড় বছর পর ২ আগস্ট সেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এরপর কেটে গেছে ৩১ বছর। দীর্ঘ এই সময়ে সংসার, সন্তান, অভিমান কিংবা বিচ্ছেদের গুঞ্জন—সবকিছু পেরিয়েও একসঙ্গে আছেন তাঁরা। সম্প্রতি সেই সম্পর্কের গল্প বলতে গিয়ে মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কারণ জানিয়েছেন ওমর সানী।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিনোদন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ