এডেন উপসাগরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুরা। শনিবার ছয়জন সশস্ত্র ব্যক্তি জাহাজটি দখলে নেয়। দেশটির আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পন্টল্যান্ডের এক সামুদ্রিক পুলিশ কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা ফোনে পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মারসা ভার্গো। এতে অজ্ঞাত পণ্যবোঝাই কনটেইনার ছিল। জাহাজটির মালিক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মারসা ওশান শিপিং।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেনের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩০ মিনিটে ইয়েমেনের বালহাফ থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সশস্ত্র ব্যক্তিরা জাহাজে ওঠে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সিকিউরিটি সেন্টার-ইন্ডিয়ান ওশান জানিয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৫ মিনিটে সোমালিয়ার বসাসো থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজে ছয়জন সশস্ত্র জলদস্যু ওঠে। এ সময় জাহাজের নাবিকেরা একটি নিরাপদ কক্ষে আশ্রয় নেন। এতে কেউ আহত হননি।
তবে দুটি সতর্কবার্তায় উল্লেখ করা স্থান ও সময়ের মধ্যে পার্থক্য থাকায় সেগুলো একই জাহাজের ঘটনা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান আটালান্টা বিষয়টি তদন্ত করছে।
এদিকে সোমালিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উত্তেজনা চলছে। গত সপ্তাহে দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে ব্যর্থতার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় সোমালিয়া।
তথ্য: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।