এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ সামিটের আয়োজন করে সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি)।
সামিটে তরুণদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব খাতে পেশাগত দক্ষতা অর্জন ও কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয় অংশগ্রহণকারীদের।
সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবলের চাহিদা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সামিটে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী। স্যাটি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলা, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখাই এ সামিটের মূল লক্ষ্য।
সামিটে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ সংগৃহিত।