মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 13:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
অভিনেতা সোহেল খান আর নেই, শুটিংয়ে যাওয়ার পথে বগুড়ায় মৃত্যু! · ঊরুর চোটে মাঠের বাইরে এনদ্রিক, শঙ্কায় রিয়াল মাদ্রিদের একাধিক ম্যাচ ! · মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান! · টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব! · মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! · রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়েই হয়েছিল ধুন্ধুমার কাণ্ড! · ব্যাংকিং খাতে সংস্কারের খসড়া চূড়ান্ত: বাড়ছে স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা! · বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
চলচ্চিত্র

অভিনেতা সোহেল খান আর নেই, শুটিংয়ে যাওয়ার পথে বগুড়ায় মৃত্যু!

অভিনেতা সোহেল খান আর নেই, শুটিংয়ে যাওয়ার পথে বগুড়ায় মৃত্যু!
বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা। মৃত্যুর কিছুক্ষণ পরেই তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

যে সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলেন, সেই শুটিংয়ে জয়ও ছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

মিডিয়ায় সোহেল খানের যাত্রা শুরু প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ও একক নাটক—দুই মাধ্যমেই কাজ করেছেন।

সোহেল খানের অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’–এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন।

সোহেল খানকে দেখা গেছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়। সেখানে তিনি অভিনয় করেছেন একটি গ্যারেজের মালিকের চরিত্রে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: চলচ্চিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ