মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 12:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব! · মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! · রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়েই হয়েছিল ধুন্ধুমার কাণ্ড! · ব্যাংকিং খাতে সংস্কারের খসড়া চূড়ান্ত: বাড়ছে স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা! · বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! · জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে ইরানে গায়িকা ও প্রযোজনা দলকে বেত্রাঘাত, সংগীতে নিষেধাজ্ঞা! · আকাশ প্রতিরক্ষা অঞ্চলে একাধিক রুশ বিমানের প্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল দক্ষিণ কোরিয়া! · পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা, ২৮ নভেম্বর পর্যন্ত করবেন তিন শহর সফর!
ব্যবসা-বাণিজ্য

মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন!

মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। একদিনের ব্যবধানে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ শতাংশের বেশি কমে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধি এবং লিবিয়ার গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে। এর প্রভাবেই তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ২০ সেন্ট বা ৩ দশমিক ৪৬ শতাংশ কমে ৮৯ ডলার ৩৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দাম ৩ ডলার ২৪ সেন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে ৮০ ডলার ১৭ সেন্টে নেমে এসেছে। এর আগে গত ৩১ আগস্ট ব্রেন্ট ক্রুড এবং ১০ আগস্ট ডব্লিউটিআইয়ের দাম সর্বশেষ এই পর্যায়ে নেমেছিল। ফলে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

তেলের দাম কমার পেছনে লিবিয়ার শারারা তেল পাইপলাইন চালু হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাইপলাইনটি পুনরায় চালুর পর আকাকুস স্থাপনার মজুত ট্যাংকে তেল প্রবাহিত হতে শুরু করেছে। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে তেল সরবরাহ বৃদ্ধির খবরও বাজারে প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ এবং ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বিশ্ববাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের শেষের দিকের পর্যায়ে নেমে আসতে পারে। প্রতিষ্ঠানটির মতে, ওই সময়ে বৈশ্বিক চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি থাকবে, যা দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করবে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ব্যবসা-বাণিজ্য দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ