মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 13:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
অভিনেতা সোহেল খান আর নেই, শুটিংয়ে যাওয়ার পথে বগুড়ায় মৃত্যু! · ঊরুর চোটে মাঠের বাইরে এনদ্রিক, শঙ্কায় রিয়াল মাদ্রিদের একাধিক ম্যাচ ! · মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান! · টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব! · মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! · রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়েই হয়েছিল ধুন্ধুমার কাণ্ড! · ব্যাংকিং খাতে সংস্কারের খসড়া চূড়ান্ত: বাড়ছে স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা! · বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
খেলাধুলা

মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান!

মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান!
ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়েই যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০০৪ সালে ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া সেরা খেলোয়াড়কে পুরস্কারটি দেওয়া হয়। সুলিভান সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে তা জিতলেন। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হন।

মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পান সুলিভান। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান। সংবাদমাধ্যমে ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পান।

যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান। নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হতো।

নিয়মিত খেলোয়াড় হিসেবে এবার এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। ৯ গোল এবং ১৪ অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে এমএলএসে দুটি রেকর্ড গড়েন। এর আগে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।

টানা ১০ ম্যাচে গোলেও অবদান রাখেন সুলিভান—এমএলএসে কোনো কিশোর বয়সী খেলোয়াড় টানা এত ম্যাচে গোলে অবদান রাখতে পারেননি। গত সেপ্টেম্বরে এমএলএস মাসসেরা খেলোয়াড়ও হন সুলিভান। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে মাসসেরা হওয়ার রেকর্ডও গড়েন এমএলএসে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান কাভান সুলিভান। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের মূল একাদশে অভিষেক ঘটে তাঁর। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন সুলিভান।

কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসত গড়েন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম


ছবিঃ

সংগৃহিত।
টপিক: খেলাধুলা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ