রবিবার, 29 নভেম্বর 2026 · 19:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান! · যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫! · শিক্ষক সংকটে ভুগছে  নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান! · চেঙ্গিস খানের বংশধর থেকে মুসলিম শাসক: গাজান খানের উত্থান ও সংস্কার!
আন্তর্জাতিক-ক্রীড়াঙ্গন

লিগ ওয়ানে মাত্র ৩৮ মিনিটে আবদাল্লাহ সিমার পাঁচ গোল, পিছিয়ে পড়েও জয় লেন্সের!

লিগ ওয়ানে মাত্র ৩৮ মিনিটে আবদাল্লাহ সিমার পাঁচ গোল, পিছিয়ে পড়েও জয় লেন্সের!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

ফুটবল মাঠে একের পর এক গোল করে ইতিহাস গড়লেন আবদাল্লাহ সিমা। ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে মাত্র ৩৮ মিনিটের ব্যবধানে পাঁচ গোল করেছেন লেন্সের এই সেনেগালিজ ফরোয়ার্ড। তার অবিশ্বাস্য নৈপুণ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় পেয়েছে লেন্স।

শনিবার রাতে অ্যাঙ্গার্সের মাঠে ম্যাচের ২০ মিনিটে আমিন এল ওয়াজ্জানির গোলে পিছিয়ে পড়ে লেন্স। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে প্রথম গোল করে সমতা ফেরান সিমা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। এবারও গোল করেন এল ওয়াজ্জানি।

এরপর শুরু হয় সিমার গোল উৎসব। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ছয় মিনিট পর ৭০ মিনিটে আবারও জালের দেখা পান এই ফরোয়ার্ড। ৭৬ মিনিটে ফ্লোরিয়ান তোভাঁর পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন সিমা। আর ৮১ মিনিটে ফ্লোরিয়ান সোতোকা ও তোভাঁর আক্রমণ থেকে হেডে পঞ্চম গোল করে নিজের কীর্তি পূর্ণ করেন তিনি।

সব মিলিয়ে ৪৩ থেকে ৮১ মিনিট—৩৮ মিনিটের মধ্যে পাঁচ গোল করেছেন সিমা। লিগ ওয়ানের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা মাত্র ১৭তম খেলোয়াড় তিনি। ২০১৪ সালে নিসের হয়ে গেঙ্গাঁর বিপক্ষে পাঁচ গোল করেছিলেন কার্লোস এদুয়ার্দো। এরপর ফরাসি লিগে এক ম্যাচে পাঁচ গোলের দেখা মিলল আবার।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ম্যাচে পাঁচ গোল করার ঘটনাও বিরল। ২০১৮ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে ফর্তুনা ডুসেলডর্ফের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন লুকা ইয়োভিচ। এরপর সিমাই প্রথম খেলোয়াড়, যিনি এমন কীর্তি গড়লেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমা বলেন, ‘সত্যি বলতে, এটা অসাধারণ কিছু। এই রাত আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এটা চিরদিনের জন্য স্মৃতিতে খোদাই হয়ে থাকবে।’

সতীর্থদের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। সিমার ভাষায়, ‘তাদের ছাড়া এটা কঠিন হয়ে যেত। সতীর্থরা না থাকলে আমি কখনোই পাঁচ গোল করতে পারতাম না। তাদের ধন্যবাদ জানাই। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় সাফল্য।’

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: আন্তর্জাতিক-ক্রীড়াঙ্গন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ