বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
প্রবাস বার্তা

খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রথম বহরে যাচ্ছেন ১১২ জন!

খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রথম বহরে যাচ্ছেন ১১২ জন!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক উদ্যোগে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি দক্ষ কর্মী।

সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ উড়োজাহাজে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন তারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এ প্রক্রিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হবে।

প্রথম বহরের কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী, বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানাবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বোয়েসেল সূত্র জানায়, নির্বাচিত ১১২ কর্মী মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের বিমানভাড়া, যাতায়াত ও অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো টাকা খরচ করতে হবে না।

জানা গেছে, বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল কর্তৃপক্ষ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে বাধাগ্রস্ত মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এ ব্যবস্থায় বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয়ই কর্মীদের বহন করতে হবে না।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুলাই তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এসব কূটনৈতিক আলোচনা ও উচ্চপর্যায়ের যোগাযোগের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পথ সুগম হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, দেশটিতে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা মালয়েশিয়া সরকারের হাতে রয়েছে। ওই সমঝোতা স্মারকের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকায় বিদ্যমান শর্ত পরিবর্তন করা বাংলাদেশের জন্য সহজ নয়। তবে বর্তমান সরকার মালয়েশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, কর্মী সরবরাহকারী পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ ও নেপালের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে রিক্রুটিং এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশের ৩১২টি প্রতিষ্ঠানকে সহযোগী নিয়োগকারী সংস্থা হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও এ প্রক্রিয়ায় যুক্ত থাকছে। সব মিলিয়ে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কুয়ালালামপুর থেকে সি-মিলেনিয়াম ট্রেড এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর পথ তৈরি হওয়ায় তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। এ খবরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

প্রবাসী ব্যবসায়ী আহমদ আলী বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেও কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রতিদিন আবেদন জমা পড়ছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শ্রমবাজার সচল হলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। জনপ্রতি সাড়ে চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ব্যয় করে অনেক কর্মীকে মালয়েশিয়ায় যেতে হয়েছে। এ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং নিয়োগদাতার খরচে কর্মী পাঠানোর এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ