রবিবার, 29 নভেম্বর 2026 · 19:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনার ঋণ দিতে ইফাদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি! · কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ৮ নেতাকর্মী, গ্রেফতার! · প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপরে হরতালের ডাক! · কালীগঞ্জে মাস্টার প্ল্যানের সার্ভে ও স্ট্যাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত! · কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান! · যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫! · শিক্ষক সংকটে ভুগছে  নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান! · চেঙ্গিস খানের বংশধর থেকে মুসলিম শাসক: গাজান খানের উত্থান ও সংস্কার!
চলচ্চিত্র

জন্মদিনেও নীরব মিজানুর রহমান আরিয়ান: কবে নির্মাণে ফিরবেন ‘ভালোবাসার গল্পকথক’?

জন্মদিনেও নীরব মিজানুর রহমান আরিয়ান: কবে নির্মাণে ফিরবেন ‘ভালোবাসার গল্পকথক’?
বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

দর্শক তাকে ভালোবেসে বলেন ‘ভালোবাসার গল্পকথক’। বলাটাও স্বাভাবিক। ক্যারিয়ারে যতগুলো নাটক তিনি বানিয়েছেন, প্রায় সবগুলোই ভালোবাসার গল্পে। তার নির্মাণে প্রেম যেন আরও অপূর্ব হয়ে ধরা দিয়েছিল পর্দায়। তিনি মিজানুর রহমান আরিয়ান।

নাটকে গত এক যুগে সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন তিনি। একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। অথচ গত দুই বছর ধরে প্রায় উধাও এই নির্মাতা!

নির্মাণে তো নেই-ই, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও আরিয়ানকে সেভাবে পাওয়া যায় না। দূরত্ব বজায় রেখেছেন গণমাধ্যমের সঙ্গেও। একেবারে নিভৃত ঘরোয়া জীবন বেছে নিয়েছেন তিনি।

ফেসবুকে আরিয়ান সর্বশেষ পোস্ট দিয়েছেন ২০২৫ সালের ২৩ জানুয়ারি। আর তার নির্মিত সর্বশেষ নাটক এসেছে ২০২৪ সালের ৩১ অক্টোবর। ‘যুগল’ নামের ওই নাটকে অভিনয় করেছিলেন ফররুখ আহমেদ রেহান ও নাজনীন নীহা।

এর আগে ২০২৪ সালের মে মাসে ওয়েব সিরিজ ‘প্ল্যান বি’র ঘোষণা দিয়েছিলেন আরিয়ান। ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে চুক্তিস্বাক্ষরও সেরেছিলেন। কিন্তু সেই ‘প্ল্যান’ এখনো বাস্তবতার মুখ দেখেনি। নির্মাতা কিংবা প্ল্যাটফর্ম, আড়াই বছরেও কারো পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো খবর পাওয়া যায়নি।

আজ ২৯ নভেম্বর আরিয়ানের জন্মদিন। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন দর্শক-শুভাকাঙ্ক্ষীরা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নির্মাণে ফেরার প্রসঙ্গে আরিয়ানকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও বরাবরের মতোই তিনি রয়েছেন নীরব। ফলে, নির্মাণে আর তিনি ফিরবেন কিনা, তা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, ক্যারিয়ারে অর্ধ শতাধিক নাটক নির্মাণ করেছেন আরিয়ান। এর মধ্যে ২০১৭ সালে ‘বড় ছেলে’ দিয়ে অসামান্য সাফল্য পান। এটি বাংলা নাটকের ইউটিউব ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছিল। দেশের প্রথম নাটক হিসেবে এটি ১ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিল। আর দুই বাংলাজুড়ে নাটকটি নিয়ে যে অসামান্য চর্চা হয়েছিল, তা তো কম-বেশি অনেকেরই জানা। বর্তমানে এই নাটকের ভিউ প্রায় ৬ কোটি।

এছাড়াও আরিয়ানের নির্মানে দর্শকপ্রিয়তা পেয়েছিল ‘ব্যাচ ২৭’, ‘সংসার’, ‘কথোপকথন’, ‘অ্যাংরি বার্ড’, ‘বুকের বাঁ পাশে’, ‘প্রেম তুমি’, ‘ভালো থেকো তুমি’, ‘ঘুরে দাঁড়ানোর গল্প’সহ বেশ কিছু নাটক। এর বাইরে আরিয়ান দুটি ওয়েব ফিল্ম এবং একটি শর্টফিল্ম বানিয়েছেন। ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ (২০২১) পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটি নিয়ে এখনো দর্শক চর্চা করেন। এছাড়া তার ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মটিও সাফল্য পেয়েছিল।

গত বছরের শেষ দিকে বিয়ে করেছেন আরিয়ান। তাহসিন তামান্নার সঙ্গে সাত বছরের সম্পর্ককে পরিণতি দিয়েছেন তিনি। আর এ বছরের জুলাইতে আরিয়ান জানান, তাদের ঘরে আসতে চলেছে সন্তান। ২৩ আগস্ট সন্তানের পায়ের ছবি পোস্ট করে নির্মাতা জানান, তার স্বপ্নের সন্তান অবশেষে কোলে এসেছে।

বিয়ের বছর খানেক আগে থেকেই নীরব হয়ে গিয়েছিলেন আরিয়ান। আর বিয়ের পর থেকে আরো নিভৃত জীবনে ঢুকে পড়েছেন। তবে তার মতো এমন জনপ্রিয় নির্মাতার এমন ‘হারিয়ে’ যাওয়া এখনো দর্শক মেনে নিতে পারেন না। আজও তার জন্মদিনে অনেকেই বিষয়টি নিয়ে আক্ষেপ করছেন। দর্শকের প্রত্যাশা, অচিরেই তিনি হয়তো ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে, বলবেন নতুন কোনো ভালোবাসার গল্প।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ সংগৃহিত।

টপিক: চলচ্চিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ