চীফ রিপোর্টার ( জনতার দেশ):
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চলতি দায়িত্ব বণ্টন ও পদায়ন নিয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার মানদণ্ড উপেক্ষা করে তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রথম শ্রেণির কর্মকর্তার পদে চলতি দায়িত্ব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি অদক্ষ শ্রমিক, ইলেকট্রিশিয়ান ও অফিস সহকারীদেরও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রকৌশল বিভাগের দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, পছন্দের পদে চলতি দায়িত্ব পেতে কর্মচারীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। যারা অর্থ দিতে পেরেছেন, তারাই পেয়েছেন কাঙ্ক্ষিত পদ। অন্যদিকে অর্থ দিতে না পারায় অনেক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মচারীকে পদায়নের ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। এসব ঘটনায় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিএসসিসির ২০ জনের বেশি তৃতীয় শ্রেণির কর্মচারীকে নবম গ্রেডের উপকর কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাঁদের অনেকের মূল পদ ১৪তম গ্রেডের। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে ইতোমধ্যে ১৪টি আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নগর ভবনে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ
চলতি দায়িত্ব বণ্টনে অনিয়মের পাশাপাশি নগর ভবনে কয়েকজন কর্মচারীকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। স্প্রে ম্যান শরীফ হোসেন বোলা, ক্লিনার মো. আলমগীর এবং নিরাপত্তা প্রহরী মো. মানিকের বিরুদ্ধে সহকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও মারধরের অভিযোগ করেছেন একাধিক কর্মচারী।
ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার ট্যাগ ব্যবহার করে সহকর্মীদের বদলির ভয় দেখানো হচ্ছে। এভাবে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি তাঁদের কথিত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কয়েকটি বদলির আদেশ বাতিল করা হয়। তবে এরপর থেকে সংশ্লিষ্টদের দৌরাত্ম্য আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনের ভেতরে এক স্যাম্পল সংগ্রহকারীকে মারধর করে সেখানে আসতে নিষেধ করার অভিযোগ উঠেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে নিরাপত্তা প্রহরী মানিক ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চান বলে জানা গেছে।
এ ছাড়া কথিত সিন্ডিকেটের সদস্যরা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই প্রতিশোধের আশঙ্কায় প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অদক্ষ শ্রমিক ও ইলেকট্রিশিয়ানদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বঃ
ডিএসসিসির বিভিন্ন বিভাগে চলতি দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা উপেক্ষার অভিযোগও সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, ৪৭ নম্বর ওয়ার্ডের অদক্ষ শ্রমিক তৌহিদুল ইসলামকে মার্কেট সেলের কার্যসহকারী পদে এবং অঞ্চল-১-এর অদক্ষ শ্রমিক মো. রাসেলকে অঞ্চল-৭-এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও ইলেকট্রিশিয়ান ও অফিস সহকারীকে দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ছয়জন ইলেকট্রিশিয়ান ও কার্যসহকারীকে উপসহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ধরনের পদায়নে সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
জ্যেষ্ঠ কর্মকর্তাদের ডিঙিয়ে পদায়নের উদ্যোগঃ
পরিচ্ছন্নতা বিভাগেও জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অন্তত পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাশ কাটিয়ে রাশেদুর রহমান রাসেলকে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে চলতি অথবা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারীদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে পদোন্নতি পাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে তাঁকে একাধিক উচ্চতর পদে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাঁদের মতে, এভাবে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতাকে উপেক্ষা করা হলে প্রশাসনিক শৃঙ্খলা এবং দাপ্তরিক কাজে সমন্বয়হীনতা তৈরি হতে পারে।
নীতিমালা লঙ্ঘন ও ডিপিসির সভা ছাড়াই আদেশ জারির অভিযোগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ‘শূন্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা’ অনুযায়ী, এ ধরনের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর যোগ্যতা, জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা এবং সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনা করার বিধান রয়েছে।
কিন্তু ডিএসসিসিতে এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির (ডিপিসি) সভা ছাড়াই একাধিক পদে চলতি দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হয়েছে।
কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চলতি দায়িত্ব প্রদানের বিষয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। সংস্থাটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুরও জানিয়েছেন, এ ধরনের কোনো সভায় তাঁকে ডাকা হয়নি।
ডিপিসির সভা ছাড়া কীভাবে এসব পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশাসনের ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্যঃ
অভিযোগের বিষয়ে ডিএসসিসির সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, প্রশাসকের দপ্তর ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনের ভিত্তিতে চলতি দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হয়। তবে অভিযোগ পাওয়ার পর কয়েকটি বিতর্কিত আদেশ বাতিল করা হয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে নিয়মকানুন অনুসরণ করার কথা। বিষয়টি যাচাই-বাছাই করে কয়েকটি আদেশ বাতিল করা হয়েছে। শিগগিরই নিয়োগ কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসকের সহকারী একান্ত সচিব ফারুকুল ইসলাম সেলিম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি সচিব দপ্তরের কাজ এবং নিয়ম মেনেই দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, নিয়মবহির্ভূতভাবে কাউকে দায়িত্ব দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত ও জবাবদিহির দাবিঃ
সিটি করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পদায়ন ও চলতি দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা, যোগ্যতা এবং জ্যেষ্ঠতা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একের পর এক অনিয়ম, আর্থিক লেনদেন, প্রভাব বিস্তার ও কর্মচারীদের হয়রানির অভিযোগে ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে চলতি দায়িত্ব প্রদানের সব আদেশ পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা হুমকি, মারধর ও অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা না হলে নগর ভবনের কর্মপরিবেশ ও সেবা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
