শিবপুর (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে বালু ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান ওমরের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন পারভেজসহ ৫–৬ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে মেঘনা নদী থেকে বালুভর্তি বলগেড নিয়ে কলাগাছিয়া নদীপথে আসার সময় শিবপুর থানাধীন জাঙ্গালিয়া বাজার ঘাটে অভিযুক্তরা তাঁর পথরোধ করে ২ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। অভিযুক্তদের একজন কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি ডান হাত দিয়ে প্রতিহত করেন, এতে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর আঘাত ও হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তিনি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোঃ জাহিদ হাসান ওমর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদ হাসান ওমরের বিরুদ্ধে বক্তব্য দেন এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেনপারভেজ।
নোটঃ ইনসেটে পারভেজ পাল্টা বক্তব্য দিচ্ছেন।
