রবিবার, 15 নভেম্বর 2026 · 22:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

মোহাম্মদ হোসাইন টেকনাফ|কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ সময় দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদক পাচারের খবর পেয়ে সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ মহেশখালী পাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি আভিযানিক দল।

রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশায় করে দুই নারী চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে দুই নারীকে আটক করা হয়।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে রাত ১টা থেকে স্পিডবোটসহ বিশেষ টহল দল নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।

ভোর আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত ২টার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন কেওড়াবাগানের দিকে পালিয়ে যায়। অপরজনকে একটি বস্তাসহ নাফ নদী থেকে আটক করা হয়।

পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিরা হলেন-টেকনাফের হাবিলপাড়া এলাকার মোছাঃ ছেনোয়ারা বেগম (৫০), স্বামী নুরুল আবছার,দিলারা বেগম (৪০), স্বামী সিরাজ এবং সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মোঃ হোসেন (৫০), পিতা লালু মিয়া।

এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মোঃ শাকের (৪০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিবির অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের অপচেষ্টা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক তিনজন, জব্দকৃত ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ