কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন-এ ঘটনায় আরও একজন মারাত্মক আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪-টার দিকে উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গি সড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪ টার দিকে সায়দাবাদ শিবের ডাঙ্গি সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গন্তব্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী ধানবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়-ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ৫ জন প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।