নরসিংদী ব্যুরো|জনতার দেশঃ
গত ০৬ নভেম্বর ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা ও নরসিংদী সদর মডেল থানা পুলিশের যৌথ দল হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে শালিধা ও চৌয়ালা এলাকার চিহ্নিত অপরাধী আবু লালকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ০২ অক্টোবর নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে আবদুল্লাহ ওরফে বাবু (২৬) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আবু লাল অন্যতম অভিযুক্ত। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আবু লালের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইনসহ নরসিংদী মডেল থানায় মোট ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে নরসিংদীসহ ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা মহানগরী ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
নরসিংদী জেলা পুলিশ সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য ও ছবিঃ
Media cell District Police Narsingdi