মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে জাতীয় ও সমবায় দিবসের আনুষ্ঠানিকতা হিসেবে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। এতে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং গ্রামীণ মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি হয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সমবায়ী, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর মাধ্যমে সমবায় কার্যক্রমে সংশ্লিষ্ট সমিতিগুলোর অবদানের স্বীকৃতি জানানো হয়।