স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে সাক্ষাৎকালে তিনি পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবিনে লাউবারকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষা সরকারের অগ্রাধিকার। পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও মতবিনিময় করেন তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওএইচসিএইচআরের মিশনকে বাংলাদেশের সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি ও কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বাংলাদেশে দায়িত্ব পালনে সাবিনে লাউবারকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাসও দেন তিনি।
জবাবে সাবিনে লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন। মানবাধিকার সুরক্ষা ও প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম তুলে ধরেন। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআরের মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে সংস্থাটির মিশন প্রতিষ্ঠিত হয়।
সাবিনে ম্যাগডালেনা লাউবার এই মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
তথ্য: কালের কণ্ঠ।
ছবিঃ
সংগৃহিত।