স্টাফ রিপোর্টারঃ
অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য কমেছে। তবে খাদ্যপণ্যের দাম কমার বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরেই রয়েছে।
মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় পরিবারের ব্যয়ের চাপ আরও বেড়েছে। এতে নিম্ন আয়ের পরিবার, দৈনিক মজুরির ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ ও নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জীবনযাত্রার বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে, সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ২২ শতাংশ। গত ৫৪ মাসের মধ্যে এটি সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ।
তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। গত ৪১ মাসের মধ্যে এটি সর্বোচ্চ এবং ২০২৩ সালের মে মাসের ৯ দশমিক ৯৬ শতাংশের কাছাকাছি।
বিবিএস কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্যপণ্যের দাম কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের ব্যয় বৃদ্ধির কারণে সার্বিক মূল্যস্ফীতির উঠতির দিকেই রয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান ও অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, খাদ্যবহির্ভূত পণ্যের দাম বৃদ্ধিই এখন মূল্যস্ফীতির প্রধান চালিকাশক্তি।
তিনি বলেন, সেপ্টেম্বরে জ্বালানির দাম সমন্বয়ের প্রভাব পণ্যের দামের ওপর আরও এক-দুই মাস থাকবে। কারণ, এর পুরো প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছাতে সময় লাগে। বিদ্যুতের দাম পরিবর্তন, সরবরাহ ঘাটতি ও আমদানি ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে।
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে জ্বালানির দাম সমন্বয়ের প্রভাব অবশ্যই পড়েছে। আগামী এক-দুই মাসও তা অব্যাহত থাকবে। কারণ, এর পুরো প্রভাব একসঙ্গে পড়ে না।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, অনুকূল আবহাওয়া এবং মৌসুমি সবজি, আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
তবে পরিবহন, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বৃদ্ধি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে। সাম্প্রতিক জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বাড়তি ব্যয়ের এই চাপ ভাড়া বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের ওপর চাপিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘পরিবহন অপারেটররা প্রায় সঙ্গে সঙ্গেই ভাড়া বাড়িয়েছেন। এতে ভোক্তাদের ওপর তুলনামূলক বেশি চাপ পড়েছে।’
মজুরি বৃদ্ধির হার কমেছে, চাপে পরিবারগুলো
অক্টোবরে মজুরি বৃদ্ধির হারও কমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ, অক্টোবরে তা কমে ৭ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, এর আগে কয়েক মাস ধরে মজুরি বৃদ্ধির হার ৮ শতাংশের ওপরে ছিল।
জাহিদ হোসেন বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও মজুরি বৃদ্ধির গতি কমে যাওয়ার অর্থ হলো, শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা কমছে।
তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমলেও প্রকৃত মজুরি বাড়েনি। বরং তা কমার হার আরও বেড়েছে।’
মজুরি সূচকে দৈনিক শ্রমনির্ভর কাজসহ ৬৩টি স্বল্পদক্ষ পেশার তথ্য অন্তর্ভুক্ত করা হয়। জাহিদ বলেন, এই পরিসংখ্যান দেশের বড় একটি জনগোষ্ঠীর আর্থিক সংকটের চিত্র তুলে ধরে।
তিনি বলেন, ‘আমাদের ১৮ কোটি মানুষের মধ্যে অন্তত ৮ থেকে ১০ কোটি মানুষ এই শ্রেণির অন্তর্ভুক্ত। অর্থাৎ, জনসংখ্যার অন্তত অর্ধেক এই প্রভাবের মুখোমুখি হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘মজুরির ওপর নির্ভরশীলদের টিকে থাকা আরও কঠিন হয়ে উঠছে। এতে আমাদের ঝুঁকি আরও বাড়ছে।’
লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের পরিবার ও দৈনিক মজুরির ওপর নির্ভরশীল ব্যক্তিরা বিভিন্ন খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন, এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যেও।
তিনি বলেন, ‘মানুষ শুধু অপ্রয়োজনীয় পণ্য কেনা কমাচ্ছে না, মৌলিক প্রয়োজনেও ব্যয় কমাচ্ছে। খাবার, সন্তানের শিক্ষা ও চিকিৎসার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে অনেকের পক্ষে। এসব ব্যয় মেটাতে কেউ কেউ নিজেদের সঞ্চয়ও ভাঙছেন।’
তিনি আরও বলেন, পরিবারের ব্যয়ের ওপর চাপের এই প্রভাব ব্যবসা-বাণিজ্যেও পড়ছে। ভোক্তারা পোশাক, কেনাকাটা ও অন্যান্য অপ্রয়োজনীয় পণ্যে খরচ কম করায় এসব খাতের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরকারের ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব কি না, প্রশ্ন তোলেন জাহিদ। তার মতে, এ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও তা বিশ্বের অন্যান্য দেশের বিচারে সক্ষমতা নিশ্চিতের জন্য যথেষ্ট নয়।
তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জিত হলেও আমি খুব স্বস্তি পাব না। ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব না।’
তিনি স্বীকার করেন, এক বছরের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা বাস্তবসম্মত না-ও হতে পারে। তবে লক্ষ্যমাত্রা অর্জন অন্তত অগ্রগতির ইঙ্গিত দেবে। কিন্তু সর্বশেষ পরিসংখ্যান বলছে, ওই লক্ষ্যমাত্রায় পৌঁছানোও কঠিন হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের নীতিসুদ কমানোর পরও ঋণ প্রবৃদ্ধি দুর্বল থাকায় ভোক্তা চাহিদা বৃদ্ধিকে মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে মানছেন না জাহিদ। তার মতে, ভোক্তা চাহিদা বৃদ্ধির পরিবর্তে উৎপাদন ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়াই মূল্যস্ফীতির বড় কারণ।
বাজার তদারকির দুর্বলতার কারণেও বিভিন্ন অতিরিক্ত ব্যয় তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এর সঙ্গে প্রভাবশালী গোষ্ঠীর চাঁদাবাজিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স শিট দ্রুত সম্প্রসারণ এবং হাই-পাওয়ার্ড মানি বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি সতর্ক করেন, ব্যাংকিং ব্যবস্থার বাইরে অতিরিক্ত অর্থপ্রবাহ মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে।
ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা র্যাপিডের গবেষণা পরিচালক মো. দীন ইসলাম বলেন, বিনিয়োগের চাহিদা দুর্বল থাকা ও মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় সামগ্রিক চাহিদা কম রয়েছে। ফলে জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতির ওপর চাপ সীমিত আছে।
তিনি সতর্ক করে বলেন, জ্বালানির বাড়তি ব্যয়ের পুরো প্রভাব এখনো ভোক্তা পর্যায়ের দামে প্রতিফলিত না-ও হয়ে থাকতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হলে এ চাপ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
খাদ্য মূল্যস্ফীতি কমার পেছনে অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও কৃষকদের জন্য সরকারের প্রণোদনাকেও কৃতিত্ব দেন দীন ইসলাম।
তিনি আরও বলেন, তুলনামূলক স্থিতিশীল বিনিময় হার এবং বিশ্ববাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকায় আমদানি ব্যয় নিয়ন্ত্রণে ছিল।
দীন ইসলাম বলেন, ‘বাংলাদেশের মূল্যস্ফীতি অনেকাংশেই বিশ্ববাজারের পণ্যের দামের ওঠানামার ওপর নির্ভরশীল। এ সময়ে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে তুলনামূলক স্থিতিশীল ছিল। একই সময়ে বিশ্ববাজারে পণ্যের দাম বেশির ভাগ ক্ষেত্রে স্থিতিশীল ছিল বা কমেছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ সীমিত ছিল।’
তথ্য: বিভিন্ন গণমাধ্যম