• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. জাকির নায়েক এর অজানা অধ্যায়!

Reporter Name
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট|দৈনিক জনতার দেশঃ
যে বাবা একজন জাকির নায়েককে গড়ে তুলেছিলেন..তিনি নিজেও ছিলেন এক অসাধারণ মানুষ। ১৯২৮ সালে মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম ডা. আব্দুল করিম নায়েকের। ছোট বয়সেই বাবাকে হারান। প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যান। রত্নাগিরিতে মাধ্যমিক শিক্ষা শেষ করে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা শুরু করেন। সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সেখান থেকে ফিরে গিয়ে গোগাটে কলেজে পড়াশোনা চালিয়ে যান। এরপর মুম্বাইয়ের গ্র্যান্ট মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৫৬ সালে এমবিবিএস সম্পন্ন করেন। পরে মনোরোগবিদ্যায় উচ্চতর শিক্ষা নেন।

তিনি শুধু ডাক্তার ছিলেন না..ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবক, লেখক ও মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক উন্নয়নের একজন সক্রিয় কর্মী। ১৯৬২ সালে তিনি Naqsh-e-Kokan Publication Trust প্রতিষ্ঠা করেন এবং Naqsh-e-Kokan মাসিক পত্রিকা চালু করেন। কোকণ ও মুম্বাইয়ের মুসলিমদের সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক বিষয় নিয়ে লেখালেখির একটি প্ল্যাটফর্ম তৈরি হয় এর মাধ্যমে। চিকিৎসাক্ষেত্রেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবস্থান। ১৯৯৪–৯৫ সালে তিনি Bombay Psychiatric Society-এর সভাপতি ছিলেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা, চিকিৎসা, দাতব্য ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে দায়িত্বশীলভাবে যুক্ত ছিলেন।
১৯৬৫ সালের ১৮ অক্টোবর তাঁর ঘরেই জন্ম নেন জাকির আব্দুল করিম নায়েক। বাবা চেয়েছিলেন ছেলে বড় ডাক্তার হবে। কিন্তু ছেলে যখন ইসলামের দাওয়াহর দিকে ঝুঁকে গেল, তখন তিনি তাকে থামাননি। বরং ছেলের দাওয়াহর কাজে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। জাকির নায়েক ১৯৮৭ সালে আহমেদ দিদাতের বক্তব্য শুনে দাওয়াহর দিকে গভীরভাবে ঝুঁকে পড়েন। ১৯৯১ সালে চিকিৎসার পাশাপাশি দাওয়াহকে জীবনের প্রধান কাজ হিসেবে গ্রহণ করেন এবং একই বছর Islamic Research Foundation প্রতিষ্ঠা করেন। তাঁর বাবা তখন ছেলের এই সিদ্ধান্তকে সমর্থন করেন এবং দাওয়াহকে পূর্ণসময় পেশা হিসেবে নেওয়ার জন্য উৎসাহ দেন। এমনকি জাকির নায়েকের দাওয়াহ-জীবনের শুরুর কয়েক বছর তাঁর বাবা-মা আর্থিকভাবেও তাঁকে সহযোগিতা করেছিলেন..যাতে ছেলে জীবিকা নিয়ে ব্যস্ত না হয়ে দাওয়াহর কাজে মন দিতে পারে। এই জায়গাটাই একজন বাবার আসল পরিচয়। তিনি ছেলেকে শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য তৈরি করেননি; ছেলের মধ্যে একটি বড় উদ্দেশ্য তৈরি করেছিলেন।

ডা. আব্দুল করিম নায়েক ১৯৯৬ সালে মুসলিম বুদ্ধিবৃত্তিক ও বৈজ্ঞানিক উন্নয়নে অবদানের জন্য সম্মাননা পান। ১৯৯৮–৯৯ সালে চিকিৎসা ও মানবতার ক্ষেত্রে International Man of the Year সম্মাননাও পান। আর তাঁর ছেলে? ১৯৯৪ সালে আহমেদ দিদাত তাঁকে Deedat Plus নামে অভিহিত করেন। ২০০০ সালে দিদাতের কাছ থেকে তিনি বিশেষ সম্মাননাও লাভ করেন। এরপর তাঁর দাওয়াহ আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃত হয়।
৩০ অক্টোবর ২০১৬ সাল ৮৭ বছর বয়সে ডা. আব্দুল করিম নায়েক ইন্তেকাল করেন। একজন চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবক ও একজন সন্তানের স্বপ্নের পেছনে দাঁড়িয়ে থাকা বাবা..তাঁর জীবনের পর্দা নামল। কিন্তু তাঁর রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার ছিল শুধু তাঁর প্রতিষ্ঠান, পদ-পদবি বা পুরস্কার নয়। তাঁর সবচেয়ে বড় উত্তরাধিকার..তাঁর সন্তান। একজন বাবা ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিলেন। ছেলে ডাক্তার হলো। তারপর বাবা ছেলের সামনে আরও বড় একটি পথ খুলে দিলেন..জ্ঞান, গবেষণা ও ইসলামের দাওয়াহর পথ। এটাই একজন বাবার শিক্ষা.. সন্তানকে শুধু প্রতিষ্ঠিত করো না; তাকে উদ্দেশ্যবান করে গড়ে তোলো। শুধু জীবিকা শেখাও না; জীবনের লক্ষ্য শেখাও। শুধু নিজের জন্য বাঁচতে শেখাও না; মানুষের জন্য উপকারী হতে শেখাও।
ডা. আব্দুল করিম নায়েক চলে গেছেন ২০১৬ সালে। কিন্তু তাঁর গড়ে তোলা জাকির নায়েকের কণ্ঠে আজও তাঁর সেই লালন-পালনের ছাপ বহন করে একটি ইতিহাস।

**এই ঘটনা আমাদের জন্য বড় একটি শিক্ষা..সন্তানকে শুধু দুনিয়ায় প্রতিষ্ঠিত করার চিন্তা নয়; তাকে জ্ঞানী, চরিত্রবান, দ্বীনদার ও মানুষের জন্য উপকারী হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানকে শুধু জীবিকা নয়, জীবনের উদ্দেশ্যও শেখাতে হবে।
আল্লাহ ডা. আব্দুল করিম নায়েক (রাহি.)-কে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন এবং ডা. জাকির নায়েক (হাফি.)-কে হেফাজত করুন, তাঁর জ্ঞান ও দাওয়াহকে কবুল করুন। আমাদেরও নেক ও উপকারী সন্তান গড়ে তোলার তাওফিক দিন। আমীন!!

✍️সংকলন ও সম্পাদক : Raihan Bin Abul


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category