ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো আল আমিন শেখ।
এনবিআর জানায়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করে সিআইআইডির একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল অনুমোদিত উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহের অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত পণ্যের প্রকৃত পরিমাণ যাচাই করা হয়।
সংস্থাটি আরও জানায়, এ সময় গুদামে থাকা সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের মজুতের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়।
পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা, জাহিন নীটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্য মিলেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে।
বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম রাখা। এ সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
সিআইআইডি জানায়, অভিযানকালে প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। প্রাথমিকভাবে পাওয়া শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে।
তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তথ্য: Jago News 24