আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮ অক্টোবর। তবে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দল বা জোটই এককভাবে ৬১ আসন পায়নি। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩ আসন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮টি। আর আরব দল রাআম ও জয়েন্ট লিস্ট পেয়েছে ১৯টি আসন।
ফলে আইজেনকটের জোট যদি আরব দলগুলোর সঙ্গে হাত মেলায়, তবে তাদের পক্ষে নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠন করা সম্ভব। এ নিয়ে নেতানিয়াহু বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে আরব দলগুলোর বৈঠকের খবরও পাওয়া গেছে। এমনকি ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
এ ছাড়া ইসরায়েলের স্পিকার আমির ওহানাকে নতুন পার্লামেন্টের শুরুর দিনই পদ থেকে সরানোর জন্য নেতানিয়াহু বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে।
তবে আরব দলগুলোর সঙ্গে জোট নিয়ে বিরোধীদের অভ্যন্তরীণ মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহু বিরোধী চার দলের মধ্যে তিন দল—ইয়াশার, বি’য়াচাদ ও ইসরায়েল বেইতেনু আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনে আগ্রহী নয়। ফলে আরব দলগুলোর ১৯ আসন যুক্ত করে সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা ৬৭ হলেও বাস্তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
এদিকে শনিবার হাবিমা স্কয়ারে নেতানিয়াহুর প্রায় ২০০ জন সমর্থক বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। বিক্ষোভকারীদের ‘ইহুদি রাষ্ট্র’, ‘সন্ত্রাসীদের গাজায় পাঠাও, সরকারে নয়’—এমন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে কয়েকজন তরুণ বর্ণবাদী স্লোগানও দেন। তাঁদের বলেন, ‘তোমাদের গ্রাম পুড়ে ছাই হোক।’
বিক্ষোভে রাআম ও জয়েন্ট লিস্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়। সেখানে উপস্থিত হয়ে বিদায়ী পার্লামেন্টের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, ‘আমরা কাউকে নির্বাচন চুরি করতে দেব না।’ তাঁর পাশে একটি ব্যানারে লেখা ছিল, ‘ইহুদি রাষ্ট্রের বৈশিষ্ট্য নির্ধারণের অধিকার আরবদের দেওয়া হবে না।’