সোমবার, 16 নভেম্বর 2026 · 04:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস!

সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ
পর্তুগালের পরবর্তী স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো কি জায়গা পেতেন? সম্ভাবনা ছিল। কোচ জর্জ জেসুসই বলেছিলেন, রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে একটি বিষয় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন জেসুস। রোনালদো পর্তুগালের একাদশে আর ‘অটোমেটিক চয়েস’ নন। ৪১ বছর বয়সী কিংবদন্তি ব্যাপারটা মেনে নিতে পারেননি।
রোনালদো হয়তো ভেবেছেন, একাদশে জায়গা না পেলে খামোখা স্কোয়াডে থেকে বেঞ্চি গরম করে কী লাভ! সে জন্যই কি নেশনস লিগে ডেনমার্ক এবং ওয়েলস ম্যাচের জন্য জেসুস স্কোয়াড ঘোষণার একদিন আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণাটা দিয়েছেন রোনালদো?
উত্তরও শুধু রোনালদোই জানেন। তবে বিশ্ব জানে, রোনালদোর এই অবসরের সিদ্ধান্তের পেছনে পর্তুগাল কোচ জেসুসের সঙ্গে তাঁর বিরোধের ভূমিকা কম নয়।
সেই জেসুসও চেয়েছিলেন রোনালদো আর কিছুদিন থাকুক। নিজের পরিকল্পনায় রেখেছিলেন রোনালদোকে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো খেলোয়াড়েরই। জেসুস তাই রোনালদোর অবসরের সিদ্ধান্তটা মেনে নিয়েছেন।
রোনালদো গতকাল অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেওয়ার পর পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) টিভি চ্যানেল ‘ক্যানাল ১১’–কে এ নিয়ে জেসুস বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত। প্রথম দল ঘোষণার আগেই এ বিষয়ে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছি। আমার সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ, কারণ তাকে আমার পাশে দরকার ছিল। কিন্তু তার সিদ্ধান্তটা আমাকে মেনে নিতে হবে।’
জেসুসের সঙ্গে বিরোধের জের ধরে গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। নরওয়ের বিপক্ষে নেশনস লিগ ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ হয়নি। পাননি। ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে জায়গা পাবেন না জানার পর কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পর্তুগাল কোচ জেসুসের বিরুদ্ধে তখন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ ফুটবলার।
রোনালদো পরবর্তী সময়ে এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। নিজের শাস্তিও দাবি করেন এবং তারপর এফপিএফ তাঁকে সাময়িক নিষিদ্ধ করে। এ সাজার মেয়াদ পূরণ করেই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে রোনালদোকে আবারও পর্তুগাল স্কোয়াডে দেখার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা।
কিন্তু তার আগেই অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের অপেক্ষা ও জল্পনা–কল্পনার অবসান ঘটালেন রোনালদো।
জেসুস কিন্তু রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘সে এই বিশ্ব, পর্তুগাল ও জাতীয় দলের জন্য উদাহরণ। এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘদিন ধরে জাতীয় দলকে অনেক কিছু দিয়েছে। সে পর্তুগিজ তরুণদের প্রতীক। তার বেশির ভাগ ভক্তই তরুণ। আল নাসরে তার সঙ্গে এক বছর কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। সে সব সময় আমাদের জাতীয় দল, আমাদের মানুষ এবং আমাদের ইতিহাসের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
পর্তুগাল ফুটবল ফেডারেশন সদর দপ্তরে রোনালদোকে চিরস্মরণীয় করে রাখতে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত জানান জেসুস, ‘আমাদের অডিটোরিয়ামে তাঁর একটি বড় ছবি রয়েছে, যাতে সেখানে প্রতিদিন আসা সব তরুণ এবং আমাদের সহকর্মীরা তাঁর ছবি দেখতে পান।’
রোনালদোর প্রশংসায় জেসুস ইতি টানলেন এভাবে, ‘সে সব সময় পর্তুগালের মানুষের হৃদয়ে ও জাতীয় দলে থাকবে। এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই, কারণ সে পর্তুগিজ ফুটবলের জন্য সব সময় অনুকরণীয় দৃষ্টান্ত।’

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ