সোমবার, 16 নভেম্বর 2026 · 04:52
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক- ৬!

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক- ৬!

 

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের শিকার এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৫-এর আলীখালী এলাকার একটি স্থান থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সি (৩২), মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে অপহৃত হন ব্যবসায়ী হাসান। কালো পোশাক পরা ও মুখোশধারী চার ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

অপহরণের পর দুর্বৃত্তরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে হাসানকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের দাবি, অপহরণের পর হাসানকে টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়। এদিকে, অপহরণের খবর পেয়ে তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে বুধবার সকালে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি ১৯ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা হয়, যার নম্বর ২৭। উদ্ধার হওয়ার পর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী হাসানকে বাঁশখালী থানায় নেওয়া হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “আল্লাহর অশেষ রহমতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাঁদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে।”

ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ