ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার সব থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জনের সমন্বয়ে গঠিত চারটি যৌথবাহিনীর দল জেলার ১৫টির বেশি স্থানে অভিযান চালায়। অভিযানে চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।
আইনশৃঙ্খলা বাহিনীর বলছে, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে লোকসমাগম সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন।
মুকসুদপুর থেকে গ্রেফতার শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট সূত্র।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃসংগৃহিত।