ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকায় প্রতিষ্ঠিত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
একই সঙ্গে বিশেষ বিবেচনায় এসব বিদ্যালয় জাতীয়করণ এবং কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব পদে আত্মীকরণের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সেসিপ, এসইএসডিপি ও এফএসএসএপি-২ প্রকল্পের আওতায় স্থাপিত মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষায় পিছিয়ে থাকা দুর্গম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রসারে তিনটি প্রকল্পের আওতায় ধাপে ধাপে ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
একসময় এসব এলাকায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় প্রাথমিক শিক্ষা শেষ করেই অনেক শিশুর পড়াশোনা বন্ধ হয়ে যেত। বিদ্যালয়গুলো প্রতিষ্ঠার ফলে এখন প্রত্যন্ত অঞ্চলের শিশুরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। বাল্যবিয়ে ও শিশুশ্রম রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব বিদ্যালয়।
শিক্ষক নেতারা জানান, শুরুতে প্রকল্পের মাধ্যমে এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় নির্বাহের সিদ্ধান্ত ছিল। পরে বিদ্যালয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ন্যস্ত করার কথা থাকলেও জাতীয়করণ না করে এমপিওভুক্ত করা হয়। বর্তমানে এসব বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীরা বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
তারা বলেন, সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবে সরকারি প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এসব বিদ্যালয়ের প্রেক্ষাপট ও উদ্দেশ্য অন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে আলাদা। তাই জাতীয়করণের সাধারণ শর্তের বাইরে বিশেষ বিবেচনায় এসব বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে।
সংবাদ সম্মেলনে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত ও গ্রাম-শহরের শিক্ষাবৈষম্য দূর করতে বিদ্যালয়গুলো জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে তাদের স্ব-স্ব পদে আত্মীকরণের দাবি জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও মাউশির মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান মানিক, মিলন কান্ত সরকার, মাহফুজার রহমান, মাহমুদুর রহমান বেলায়েত, মো. খায়রুল ইসলাম ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
