লাইফ স্টাইল ডেস্ক|জনতার দেশঃ
উৎসবের সাজে নজর কাড়তে সব সময় লাল, গোলাপি কিংবা সোনালি রঙের পোশাক বেছে নিতে হবে, এমন কোনো কথা নেই। কখনো কালো রঙের ঝলমলে লেহেঙ্গা, কখনো আয়নার কারুকাজ, আবার কখনো চিরাচরিত ওড়নার বদলে কেপ-এমন ছোট ছোট স্টাইলিংয়ের বদলেই তৈরি হতে পারে নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।
সম্প্রতি ডিজাইনার অভিনব মিশ্রর কউটিউর কালেকশন ‘ইনটু দ্য ওয়াইল্ড ২০২৬’-এর শো স্টপার হয়ে সেই বার্তাই যেন দিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তার সাজে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সঙ্গে মিশেছে আধুনিকতা, সাহসী স্টাইল আর ঝলমলে গ্ল্যামারের ছোঁয়া।
আয়োজিত এই ফ্যাশন শোয়ে কৃতির পোশাকের অন্যতম আকর্ষণ ছিল মিরর-ওয়ার্ক বা আয়নার কারুকাজ। কালো নিও-টেক ফ্যাব্রিকে তৈরি লেহেঙ্গা জুড়ে ছিল সূক্ষ্ম হাতের কাজ, মেটালিক অলঙ্করণ এবং ঘোড়ার মোটিফ। আলো পড়তেই পোশাকের আয়নার কাজ ও সিকুইনের ঝিলিক তৈরি করেছিল চোখ ধাঁধানো আবহ।
ভারী কারুকাজের ব্র্যালেট ব্লাউজের সঙ্গে স্বচ্ছ, লম্বা কেপ-স্টাইলের ওড়না তার সাজে যোগ করেছিল নাটকীয়তা। চিরাচরিত ওড়নার বদলে কেপ বেছে নেওয়াটাই ছিল এই লুকের বিশেষত্ব। মেঝে ছুঁয়ে যাওয়া স্বচ্ছ কেপটি চলার সময় পেছনে ভেসে উঠছিল, আবার ঘুরে দাঁড়ানোর মুহূর্তে তৈরি করছিল র্যাম্প-উপযোগী আকর্ষণ।
হালকা স্বচ্ছ কাপড়ে ক্রিস্টাল, সিকুইন কিংবা আয়নার কাজ করা কেপ বেছে নিতে পারেন। চাইলে লংলাইন জ্যাকেটও পরা যায়। তবে লেহেঙ্গা ও ব্লাউজের কাজ ভারী হলে কেপের নকশা তুলনামূলক হালকা রাখলে সাজে ভারসাম্য বজায় থাকবে।
একই সঙ্গে ব্লাউজ ও কোমরের নকশাও থাকছিল স্পষ্ট। অর্থাৎ পোশাকের ঝলক আড়াল না করেই ওড়নার ঐতিহ্যবাহী আবহকে আধুনিকভাবে তুলে ধরেছেন কৃতি।
এই সাজ থেকে দিওয়ালি পার্টির জন্যও নেওয়া যেতে পারে বেশ কয়েকটি স্টাইলিংয়ের ধারণা। বিশেষ করে যারা লেহেঙ্গা পরতে ভালোবাসেন, কিন্তু ভারী ওড়না সামলাতে স্বাচ্ছন্দ্য নন, তাদের জন্য কেপ হতে পারে দারুণ বিকল্প।
রঙের ক্ষেত্রেও কালো, রুপালি ও ধূসর হতে পারে আকর্ষণীয় পছন্দ। কালো লেহেঙ্গায় মেটালিক কারুকাজ যেমন আধুনিক গ্ল্যামার যোগ করে, তেমনই রুপালি বা ধূসর পোশাকে আয়নার কাজ তৈরি করে উৎসবের ঝলক। পোশাকের নকশা বেশি জমকালো হলে গয়না বেছে নেওয়ার সময় সংযত থাকা ভালো। একজোড়া ঝলমলে কানের দুল কিংবা হাতে কয়েকটি ব্রেসলেটই সাজ সম্পূর্ণ করতে পারে।
মেকআপেও কৃতির লুক অনুসরণ করতে পারেন। ব্রোঞ্জ স্মোকি আইজ, স্পষ্ট আইলাইনার, হালকা ব্লাশ এবং ন্যুড লিপস্টিকের সমন্বয় ঝলমলে পোশাকের সঙ্গে সুন্দর মানায়। চুল মাঝখানে সিঁথি করে নরম ঢেউ খেলানোভাবে রাখলে সাজে আসে পরিমিত আভিজাত্য। তবে নিজের মুখের গড়ন, ত্বকের ধরন এবং পোশাকের রং অনুযায়ী মেকআপে সামান্য পরিবর্তন আনতে পারেন।
কৃতি শ্যাননের লুকের মূল আকর্ষণ শুধু ঝলমলে লেহেঙ্গা নয়, বরং পরিচিত ভারতীয় পোশাককে নতুনভাবে উপস্থাপন করার কৌশল। তাই উৎসবের সাজে এবার চিরাচরিত ওড়নার বদলে কেপ, আর সাধারণ এমব্রয়ডারির বদলে আয়নার ঝিলিক-এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হতে পারে আপনার নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট।
তথ্যঃ
বিভিন্ন গণমাধ্যম।
ছবিঃ
সংগৃহিত।