ক্রাইম ডেস্ক |দৈনিক জনতার দেশ :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ ব্যাপারে ডিএনসির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড.মোহাম্মদ আবু সাঈদ মিয়া জানান,গত ২৪ জুলাই শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সার্কেলের পরিদর্শক শাহরিয়ার শারমিনের নেতৃত্বে একটি দল দুপুর দেড়টা থেকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজ টিজি ৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক জুনফিকার মোল্লাকে সন্দেহজনক কারণে আটক করা হয়।
পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রলিব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১ টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।
পাশাপাশি তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিংপাস, জিও ইন্ডিয়ার সিম ব্যবহার করা একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ডক্টর আবু সাঈদ মিয়া গণমাধ্যমকে জানান, জুলফিকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জুলফিকার জানিয়েছেন, বাংলাদেশের দুই থেকে তিন দিন অবস্থান শেষে তার ভারতে ফিরে যাবার পরিকল্পনা ছিল।
তথ্য সূত্র :
# বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট এণ্ড ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।