নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলার চক্রধা ইউনিয়নের হাজীপাড়া, নীনগাঁও ও দোপাথর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর মেশিন (ভেকু) জব্দ করা হয়। জব্দকৃত মেশিনটি বর্তমানে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, ভেকুর মালিককে শনাক্ত করে তাঁর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদানসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটির উপরিভাগের উর্বর অংশ কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।