নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মো. রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত কিছুদিন ধরে চৌয়ালা-শালিমার এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল। গত ২২ জুলাই এবং সর্বশেষ গত ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে (যার মধ্যে ৫টি হত্যা মামলা, ৪টি হত্যাচেষ্টা ও গুরুতর জখম, ৭টি ডাকাতি-দস্যুতা, ৪টি অস্ত্র মামলা, ৩টি মাদক এবং বাকিগুলো চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরক আইনের)। এর মধ্যে ১৮টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া তার সহযোগী রাকিব মিয়ার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান ও টহল অব্যাহত রয়েছে।